News71.com
 Bangladesh
 08 Jun 16, 01:37 PM
 535           
 0
 08 Jun 16, 01:37 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাশিয়ার জাতীয় কবি পুশকিনের আবক্ষ মূর্তি স্থাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাশিয়ার জাতীয় কবি পুশকিনের আবক্ষ মূর্তি স্থাপন

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে রুশ কবি ও সাহিত্যিক আলেক্সান্দর পুশকিনের একটি আবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ‘রাশিয়ার নাগরিকদের উপহার’ হিসেবে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই মূর্তি স্থাপন করা হয়। মূর্তিটি নির্মাণ করেছেন কুজনিৎসোভ মুরোমস্কি। পুশকিন রাশিয়ার জাতীয় কবি। পুশকিন ১৭৯৯ সালে মস্কোয় জন্মগ্রহণ করেন, ১৮৩৭ সালে মারা যান। মূর্তি উন্মোচন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। পরে উপাচার্যের কার্যালয়সংলগ্ন লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আগে বাংলাদেশে প্রগতি প্রকাশনের সৌজন্যে রুশ সাহিত্যের অনেক বাংলা অনুবাদ পাওয়া যেত, যেটা এখন পাওয়া যায় না। তিনি উভয় দেশের সাহিত্যকর্ম দুই ভাষায় অনুবাদের ওপর জোর দেন।

উদ্বোধনী বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, রাশিয়ার প্রধান কবি পুশকিনের মূর্তি স্থাপনের মধ্য দিয়ে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে।

রুশ রাইটার্স ইউনিয়ন পুশকিন শাখার সেক্রেটারি ইগর নভোসেলোভ বলেন, বিশ্ব সংস্কৃতিচর্চার অংশ হিসেবে এই মূর্তি স্থাপন। সাম্রাজ্যবাদ ও সামরিকতন্ত্রের জাঁতাকলে পিষ্ট হয়ে আজকের অবস্থানে এসেছে বাংলাদেশ। এর মধ্যে বাংলা ভাষায় সাহিত্যচর্চার অগ্রগতি হয়েছে।

এ সময় বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্দর ইগনাতোভ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক নাসরীন আহমাদ ও অধ্যাপক সহিদ আকতার হুসাইন, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান, রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রের পরিচালক আলেক্সান্দর দিওমিন উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন