
নিউজ ডেস্কঃ ভোলার মনপুরা উপজেলায় সংঘবদ্ধ শিকারী চক্রের অবৈভাবে জবাই করা হরিণের মাংস উদ্ধার করতে গিয়ে পিটুনির শিকার হয়েছেন বনপ্রহরীরা। সংঘবদ্ধ এই চক্রের হামলায় বিট অফিসারসহ ছয়জন আহত হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার হাজীর হাট ইউনিয়নের চর ফৈজুদ্দিনের রিজির খাল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আহতরা জানায়, সংঘবদ্ধ একটি শিকারী চক্র মেঘনায় জেগে উঠা চর মিয়া জমিরশাহ থেকে হরিণ জবাই করে নৌকায় করে মনপুরার স্থলভাগে আসছে। এমন খবরে হাজীর হাট বিট অফিসার মো. নজরুল ইসলামের নেতৃত্বে ৭/৮ জনের একটি বনপ্রহরী দল ওই এলাকায় অবস্থান নেয়। পরে সন্ধ্যায় চক্রটি হরিণের মাংসসহ নৌকাটি তীরে ভেড়ায়। এ সময় বনপ্রহরীরা বস্তায় ভরা হরিণের মাংসসহ একজনকে ধরে ফেলে। এ সময় অন্যরা পালিয়ে যায়।
পরে হরিণের মাংসসহ আটক ওই ব্যক্তিকে আনার সময় চক্রটির পালিয়ে যাওয়া সদস্যরা স্থানীয় কয়েকজনের সহযোগিতায় বনপ্রহরীদের উপর হামলা চালায়। এ সময় আটক ব্যক্তিসহ হরিণের মাংস ছিনিয়ে নিয়ে যায় তারা। কিন্তু নৌকায় থাকা জবাইকৃত হরিণের মাথাটি বনপ্রহরীরা উদ্ধার করে নিয়ে আসে।ঞশ এদিকে হামলায় বিট অফিসার নজরুল(৫৫), বনপ্রহরী মো. সাহাবুদ্দিন (২৫), মশিউর রহমান (২৮), মো. বাহাদুর(৩৪), মাসুদ পারভেজ(২৮), পারভেজ ইসলাম(২৯) আহত হন। পরে আহতদের উদ্ধার করে মনপুরা হাসপাতালে ভর্তি করানো হয়। আহতদের মধ্যে বনপ্রহরী মো. সাহাবুদ্দিনের অবস্থা গুরুতর। হাজীর হাট বিট অফিসার মো. নজরুল ইসলাম বলেন, ‘আক্রমণের শিকার হওয়া একজনের অবস্থা গুরুতর। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’