
নিউজ ডেস্কঃ দেশব্যাপী গুপ্ত হত্যার প্রতিবাদ ও অবিলম্বে হত্যাকারীদেরকে সনাক্ত করার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সাতক্ষীরার সর্বস্তরের নাগরিকের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। বুধবার সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ঘন্টাব্যাপী সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানবন্ধন কর্মসূচি পালিত হয়।
সাতক্ষীরার নাগরিক নেতা প্রফেসর আব্দুল হামিদের সভাপতিত্বে এ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাড. ফাইমূল হক কিসলু, সাতক্ষীরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, জেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রভাষক মোবাশ্বেরুল হক জ্যোতি, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব দত্ত, নারী নেত্রী নাসরিন খান লিপি, কৃষকলীগ নেতা বিশ্বজিৎ সাধু, সংগীত শিল্পি শামিমা পারভিন রত্না প্রমুখ।
বক্তারা বলেন, দেশের কোনো মানুষ আজ নিরাপদ নয়। এসপির স্ত্রী মিতু, রাবির শিক্ষক, ঝিনাইদহে পুরোহিতসহ সম্প্রতি একাধিক হত্যাকাণ্ড ঘটেছে। মৌলবাদীচক্র এই হত্যাকাণ্ডে জড়িত বলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধারণা করছেন। কিন্তু আসল হত্যাকারীদেরকে এখনও সনাক্ত করা সম্ভব হয়নি। আসল হত্যাকারীদের সনাক্ত করতে না পারলে এ ধরণের গুপ্তহত্যা বন্ধ করা যাবে না। তাই সম্প্রতি যে সব হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তার সঠিক তদন্ত করে হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করতে হবে।
এতে শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, সমাজকর্মী, মানবাধিকার কর্মী, এনজিও প্রতিনিধিসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।