News71.com
 Bangladesh
 08 Jun 16, 04:44 PM
 515           
 0
 08 Jun 16, 04:44 PM

যশোরে ফিলিং স্টেশনে জোড়া খুনের রহস্য উন্মোচন ।। আটক সিরাজুলের স্বীকারোক্তি

যশোরে ফিলিং স্টেশনে জোড়া খুনের রহস্য উন্মোচন ।। আটক সিরাজুলের স্বীকারোক্তি

নিউজ ডেস্কঃ চাঞ্চল্যকর যশোরের চাড়াভিটা বাজারের ফিলিং স্টেশনে জোড়া খুনের ঘটনায় আটক ওই ফিলিং স্টেশনের কর্মচারী সিরাজুল ইসলাম হত্যায় নিজের সম্পৃক্ততার কথা জানিয়ে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন। বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত জাবীন নিম্মীর আদালতে তিনি এ জবানবন্দি দেন। তিনি বলেছেন, জোড়া খুন তিনি একাই করেছেন। ফিলিং স্টেশনের ম্যানেজার ওবায়দুর রহমানের সঙ্গে তেল চুরির টাকা ভাগের হিস্যা নিয়ে বিরোধের কারণে তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। এ সময় আদালতে পুলিশের উপস্থাপিত রক্তমাখা কুড়াল তিনি সনাক্ত করেন এবং জানান, ওই কুড়াল দিয়েই তিনি দুজনকে কুপিয়ে হত্যা করেছেন। আদালত সিরাজুলকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এদিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী গ্রামের সিরাজুলের খালার বাড়ি থেকে কলেজ ছাত্র অপুর দুটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। তবে অপুর কাছ থেকে খোয়া যাওয়া ৫০ হাজার টাকা উদ্ধার হয়নি। যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান ইত্তেফাককে জানান, আটক সিরাজুল পুলিশকে জানিয়েছিলেন হত্যার পর টাকা নিয়ে পালিয়ে যাবার সময় তিনি রুপদিয়া এলাকার ঘুনী বাজারে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সদস্যদের হাতে আটক হন।

বেসরকারি ওই কমিটি এলাকায় গরু চুরি প্রতিরোধে রাত জেগে পাহাড়া দেয়। এজন্য অচেনা সিরাজুলকে তারা সারারাত আটকে রাখে এবং সকালে ছেড়ে দেয়। আর সিরাজুল আসন্ন বিপদের কথা ভেবে রক্তমাখা টাকা পাশের একটি মাঠে ফেলে দেন। বুধবার সিরাজুলকে সঙ্গে নিয়ে তার দেখানো স্থানে তন্ন তন্ন করে খুঁজেও পুলিশ টাকার সন্ধান পায়নি।

উল্লেখ্য, রবিবার রাতে যশোর-নড়াইল সড়কের বাঘারপাড়া উপজেলার চাড়াভিটা বাজারে আব্দুল বারী ফিলিং স্টেশনে ম্যানেজার, এক কলেজ ছাত্রসহ তিনজন ঘুমিয়েছিলেন। ওই রাতেই হত্যা করা হয় ফিলিং স্টেশনের ম্যানেজার বাঘারপাড়া উপজেলার দশপাখিয়া গ্রামের রহমান মোল্লার ছেলে ওবায়দুর রহমান (৩০) ও রঘুনাথপুর গ্রামের সদর উদ্দিন খানের ছেলে কলেজ ছাত্র লিজন আহমেদ অপুকে (২৪)। হত্যাকাণ্ডের পর পালিয়ে যায় ওই ফিলিং স্টেশনের কর্মচারী সিরাজুল। সোমবার গভীর রাতে সাতক্ষীরার কলারোয়ার হিজলদী গ্রাম থেকে তাকে আটক করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন