News71.com
 Bangladesh
 08 Jun 16, 04:50 PM
 496           
 0
 08 Jun 16, 04:50 PM

চিকিৎসকদের ফি নির্ধারণে নতুন আইন হচ্ছে: জাতীয় সংসদে প্রশ্নোত্তরে স্বাস্থ্যমন্ত্রী

চিকিৎসকদের ফি নির্ধারণে নতুন আইন হচ্ছে: জাতীয় সংসদে প্রশ্নোত্তরে স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ চিকিৎসকদের প্রাইভেট প্রাকটিসের ফি হালনাগাদ করতে সরকার নতুন আইন করতে যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বুধবার জাতীয় সংসদে এক প্রশ্নের উত্তরে তিনি এই তথ্য জানান।

সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী স্বাস্থ্যমন্ত্রীকে বলেছিলেন, প্রাইভেট প্র্যাকটিসে অনেক চিকিৎসক খেয়ালখুশি অনুযায়ী অনৈতিকভাবে ফি আদায় করছে। আইন করে ডাক্তারদের ফি নির্দিষ্ট করতে সরকারের কোনো পরিকল্পনা আছে কি না?

উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে ‘দ্য মেডিকেল প্রাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স-১৯৮২’ অনুযায়ী বেসরকারি পর্যায়ে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের মেডিকেল ফি, কানসালটেশন ফি নির্ধারণ করা হয়েছে। ঐ অধ্যাদেশ হালনাগাদ ও যুগোপযোগী করে ‘বেসরকারি চিকিৎসা সেবা আইন-২০১৬’ এর খসড়া শিগগিরই চূড়ান্ত করে মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। নতুন আইন হলে বেসরকারি পর্যায়ে চিকিৎসা সেবার ক্ষেত্রে যুগোপযোগী ও হালনাগাদ ফি নির্ধারণ সম্ভব হবে।

সংসদ সদস্য এ কে এম রোজাউল করিম তানসেনের প্রশ্নের মোহম্মদ নাসিম জানান, সরকারি হাসপাতাল গুলোতে স্বাস্থ্য সেবা সম্প্রসারণে এক শিফটের পরিবর্তে দুই শিফটে বহির্বিভাগ চালু করা হলে অধিক সংখ্যক জনগণ স্বাস্থ্য সেবা গ্রহণ করতে সক্ষম হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন