News71.com
 Bangladesh
 08 Jun 16, 07:09 PM
 645           
 0
 08 Jun 16, 07:09 PM

জামালপুরে হাতির আক্রমণে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু....

জামালপুরে হাতির আক্রমণে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু....

নিউজ ডেস্ক: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর গ্রামে বন্য হাতির আক্রমণে দুই কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে। এই দুই ব্যক্তি হলেন আবদুল লতিফ (৫৫) ও জহুরুল ইসলাম (৫০)। তাঁরা দুজনই পাথরের চর গ্রামের বাসিন্দা। ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম জানান হাতির আক্রমণে দুজন কৃষকের মৃত্যু হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারের সদস্যদের কাছে ২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। হাতির পাল চলে গেলেও চার-পাঁচটি হাতি এখনো গ্রামের মধ্যেই রয়েছে। ফলে গ্রামবাসী আতঙ্কের মধ্যে রয়েছেন। হাতি তাড়াতে বন বিভাগের কর্মকর্তাদের খবর দেওয়া হয়েছে।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ভারতীয় সীমান্তবর্তী গারো পাহাড় এলাকা অতিক্রম করে গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে ৩০-৩৫টি বন্য হাতি ডাংধরা ইউনিয়নের পাথরের চর গ্রামে ঢুকে পড়ে। এর পর সারা রাত গ্রামের বিভিন্ন জমির ফসল ও গাছপালা নষ্ট করে ফেলে।

রাতেই গ্রামের লোকজন একত্র হয়ে মশাল জ্বালিয়ে ও ঢাকঢোল পিটিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করে। পরে আজ দুপুর ১২টার দিকে শতাধিক ব্যক্তি একত্র হয়ে হাতি তাড়াতে যান। এতে হাতির পাল গ্রামবাসীর ওপর আক্রমণ চালায়। হাতির পায়ের তলায় পিষ্ট হয়ে আবদুল লতিফ ও জহুরুল ইসলামের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন