
নিউজ ডেস্ক: বেনাপোলের আমড়াখালি চেকপোস্ট এলাকা থেকে শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগে চার কোটি সাড়ে পাঁচ লাখ টাকা মূল্যের ভারতীয় তৈরি পোশাক ও থান কাপড় আটক করেছে বিজিবি। এ ব্যাপারে জানতে চাইলে যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে একটি টহল দল গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে আমড়াখালি চেকপোস্টে অভিযান চালিয়ে একটি কাভার্টভ্যান আটক করে।
পরে সেটিতে তল্লাশি চালানো হলে তার মধ্যে থেকে চার কোটি পাঁচ লাখ ৫১ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় ১৯৮৯টি থ্রিপিস, ১৬৮০টি শার্ট পিস, ১২ হাজার ৩৪২ মিটার শার্ট থান, ৮২৩৪ মিটার প্যান্ট থান ও ২৮৮টি পায়জামা-পাঞ্জাবি পিস পাওয়া যায়। তিনি আরো জানান, আটককৃত মালামাল যশোর শুল্ক গুদামে জমা করা রয়েছে।