
নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জঙ্গি গ্রেফতারে প্রয়োজনে যৌথ বাহিনী অভিযানে নামবে। যখন যেখানে প্রয়োজন সেখানেই কম্বিং অপারেশন চালানো হবে। বুধবার সন্ধ্যায় কোস্টগার্ড সদর দফতরে ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, চট্টগ্রামে পুুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রীকে হত্যার ঘটনায় পুলিশের মনোবল ভেঙে যায়নি। পুলিশ এটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। এখন আমরা পুলিশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে কাজ করছি। পুলিশের ব্যক্তিগত নিরাপত্তায় কোথায় কি ত্রুটি আছে তা খতিয়ে দেখা হচ্ছে।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন নৌবাহিনীর প্রধান এডমিরাল নিজাম উদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খান, কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল আওরঙ্গ জেব, নৌবাহিনীর গোয়েন্দা শাখার পরিচালক কমোডর এম সোহায়েল প্রমুখ।