
নিউজ ডেস্কঃ নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় খ্রিস্টান ব্যবসায়ী সুনীল গোমেজ হত্যায় আইএসের কোন সম্পৃক্ততা নেই। পারিবারিক বিরোধ অথবা কেউ সরকারকে বেকায়দায় ফেলার উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে মন্তব্য করেছেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মাসুদুর রহমান ভূইয়া।
আজ বুধবার দুপুরে বনপাড়া খ্রিস্টান পল্লীতে হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন ও সুনীল গোমেজের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের কাছে তিনি এ বলেন।
অতিরিক্ত ডিআইজি আরও বলেন, দেশে আইএসের কোন অস্তিত্ব নেই। একটি বিশেষ মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে সরকার ও প্রশাসনকে বেকায়দায় ফেলতে একের পর এক হত্যা কাণ্ড ঘটিয়ে চলেছে।
এর আগে অতিরিক্ত ডিআইজি মাসুদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তিনি সুনিল গোমেজের স্ত্রী জাসিনকা গোমেজ, মেয়ে স্বপ্না গোমেজ এবং সুনীলের ভাই রংপুরের পীরগঞ্জের খালিসা চার্চের ফাদার প্রশান্ত গোমেজ সাথে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এ সময় নাটোরের পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী, বড়াইগ্রাম সার্কেলের এএসপি শফিকুল ইসলাম, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মোহাম্মদ আব্দুল হাই, বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) এমরান হোসেনসহ খ্রিস্ট্রান সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।