
ঢাবি প্রতিনিধি: জঙ্গিবাদীদের হাত থেকে ক্রমবর্ধমান হত্যাকান্ড মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রগতিশীল নেতৃবৃন্দ । আজ বুধবার বিকেলে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে হত্যা-ধর্ষণ-জঙ্গিবাদ মূলোৎপাটনের দাবিতে বাংলাদেশের উদীচী শিল্পগোষ্ঠীর এক মানববন্ধনে বক্তারা এ আহ্বান জানান ।
উদীচী শিল্পগোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রবীর সরদার বলেন, সরকার বলছে সব ঘটনা সরকারের জানা আছে । আসল কথা হলো এসব ঘটনা সরাকারের নিয়ন্ত্রণে নেই । সরাকারের ভেতরে আরেক সরকার দেশ চালাচ্ছে ।
মানববন্ধনে সংহতি জানিয়ে ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার বলেন,হত্যাকন্ড হয়, আমরা রাজপথে দাঁড়াই: প্রতিবাদ করি, সরকার-প্রশাসন একই কথা বলে । আমরা দেখতে পাচ্ছি মানুষ কত শান্তিতে আছে । আস্তিক-নাস্তিক কেউ ওদের হাত থেকে রেহায় পাচ্ছে না । হত্যার মিছিল দীর্ঘতর হচ্ছে, অথচ কেউ কেউ বলছে স্বাভাবিক ঘটনা।
মানববন্ধনে সংহতি জানিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স বলেন ,প্রত্যেকটা হত্যাকান্ডে রাষ্ট্রীয় প্রশাসন নির্বিকার । গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক জীবনানন্দ জয়ন্ত, বাংলাদেশে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান এবং সম্মিলিত ভাবে দেশবাসীকে জঙ্গিবাদ মোকাবেলায় এগিয়ে আসার আহ্বান জানান ।