
নিউজ ডেস্ক: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে খাস জমি দখলকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে দুই মহিলাসহ উভয়পক্ষের সাতজন আহত হয়েছে। আহতরা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের অন্যত্রে স্থানান্তর করা হয়েছে। আজ বুধবার বিকাল ৫টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- ওই গ্রামের আবুল হোসেনের ছেলে সেলিম হোসেন, নাসির হোসেন, আইনুদ্দিনের ছেলে জয়নাল আবেদীন, শাখের আলী, রেজাউলের স্ত্রী আসমা খাতুন, জয়নাল আবেদীনের মেয়ে মোসুমী খাতুন ও বেতেন শেখের ছেলে সামসুল ইসলাম।
এদের মধ্যে সেলিম হোসেন ও শাখের আলীর অবস্থা গুরতর হওয়ায় তাদের কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। স্থানীয়রা জানান, তিন শতক খাস জমি দীর্ঘদিন ধরে সেলিম হোসেনের দখলে ছিল। সেই জমির ওপর দিয়ে যাতায়াতের রাস্তার জন্য দাবি করে আসছেন প্রতিবেশী জয়নাল আবেদীন। ওই বিরোধের জের ধরে আজ বুধবার ঘটনার সময় উভয় পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়।
এ সময় উভয় পক্ষের লোকজনই দেশিয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয় পক্ষের দুই মহিলাসহ সাতজন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। স্থানীয় ইউপি সদস্য মশিউর রহমান ডাবলু বলেন, ওই তিন শতক খাস জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
গতকাল মঙ্গলবার রাতে বিষয়টি নিয়ে মিমাংসার জন্য সালিশ বসানো হয়েছিল। তিনি বলেন, যেহেতু জমিটি খাস সে হিসেবে উভয় পক্ষের মধ্যে জমিটি ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এর পরের দিনই তারা সংঘর্ষে লিপ্ত হয়। এ ব্যাপারে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে কোনো অভিযোগ এখনো পাওয়া যায়নি।