
নিউজ ডেস্ক: ঢাকা ও চট্টগ্রামে প্রতিবন্ধীদের জন্য বাসের ব্যবস্থা করতে চান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। পাশাপাশি তাদের রেলগাড়ি ও নৌযানে ওঠার জন্য বিশেষ র্যাম্পেরও ব্যবস্থা করতে চান তিনি। এ জন্য পাঁচ মন্ত্রণালয়ে আজ বুধবার চিঠি দিয়েছেন অর্থমন্ত্রী।অর্থমন্ত্রী এ বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন, রেলপথ, স্বরাষ্ট্র ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন।
অর্থমন্ত্রী বলেন, আমি আগেও সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন মন্ত্রণালয়কে প্রতিবন্ধীদের জন্য কিছু ব্যবস্থা নিতে অনুরোধ করেছি। বর্তমানে ঢাকার রাস্তা কাটা রয়েছে। এই রাস্তা কাটার কাজ যখন বন্ধ হবে, সেই সুযোগে রাস্তায় ওঠা–নামা করতে র্যাম্পের ব্যবস্থা করতে হবে। সরকার একটু খেয়াল করলে এবং সেই উদ্দেশ্য বাস্তবায়ন করলেই এই বঞ্চিত মানুষগুলো সাহস পাবে এবং দুঃখ অনেকটা নিরসন হবে।’
এ ব্যাপারে মন্ত্রীরা কী ব্যবস্থা নেবেন, তা জানানোর জন্য মন্ত্রীদের অনুরোধ করেছেন তিনি।পাঁচ মন্ত্রীর কাছে পাঠানো আধা সরকারি পত্রে অর্থমন্ত্রী বলেছেন, ‘আমাদের দেশে ১০ শতাংশ লোক প্রতিবন্ধী। তাঁরা নিয়মিত কাজ করেন। কিন্তু তাঁরা চলাফেরা করতে অসমর্থ। বিশেষ করে বাড়িঘর, শপিং সেন্টার, হাসপাতাল ও অন্যান্য পাবলিক প্লেসে তাঁদের জন্য তেমন ব্যবস্থা নেই। রেলওয়ে, রাস্তা, নৌযান—এসবে তাদের ওঠার কোনো ব্যবস্থা নেই।