
নিউজ ডেস্ক: বগুড়া জেলার গাবতলি উপজেলার পদ্মপাড়া ব্রিজ এলাকায় জরুরি সংবাদপত্র লেখা সম্বলিত একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে অস্ত্র-গুলি ও ফেনসিডিলসহ চারজনকে গ্রেফতার করেছে গাবতলি মডেল থানা পুলিশ। বুধবার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে এই ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলেন- বগুড়া সদর উপজেলার গোদাড়পাড়ার আবু হান্নানের ছেলে রাকিব হাসান (৩০), বারপুর গ্রামের মৃত মোবারক আলীর ছেলে সিরাজ আহমেদ (৩৫), চকসূত্রাপুর এলাকার মৃত সাজেদুর রহমান মিঠুর ছেলে রাব্বী খান (২৫) ও চকসূত্রাপুরের মীর শহীদ সেখের ছেলে রেজান শেখ (২৮)।
পুলিশ তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ম্যাগাজিন সহ এক রাউন্ড গুলি, ৩ বোতল ফেনসিডিল, ব্যবহৃত মাইক্রোবাস, অতিরিক্ত নম্বর প্লেট ও জরুরি সংবাদপত্র লেখা একটি কার্ড জব্দ করেছে।
গাবতলি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ কবির বিষয়টি নিশ্চিত করে জানান, নিয়মিত তল্লাশি কার্যক্রম চলাকালে সন্ধ্যা অনুমান সোয়া ৬ টার দিকে গাবতলি থেকে বগুড়ার দিকে যাবার পথে পদ্মপাড়া ব্রিজ এলাকায় জরুরি সংবাদ পত্রের স্টিকার লাগানো মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো -গ-১৪-৫৯৩৩) থামানো হয় পুলিশের সংকেত পেয়ে মাইক্রোবাসটির একজন পালানোর চেষ্টা করে । পরে ধাওয়া করে তাকে আটক করা হয়। এসময় মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে অস্ত্র , গুলি ও ফেনসিডিল উদ্ধারসহ ও চারজনকে পুলিশ গ্রেফতার করে।