
নিউজ ডেস্ক:পিরোজপুরের মঠবাড়িয়ায় পল্লী বিদ্যুৎ সরবরাহে অনিয়ম ও লাগাতার লোডশেডিংয়ের প্রতিবাদে ও রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে গতকাল বুধবার রাতে বিক্ষুব্ধ এলাকাবাসী পল্লী বিদ্যুৎ কার্যালয় ঘেরাও করে।
এসময় বিক্ষুব্ধ জনতা পল্লী বিদ্যুৎ কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করে ভাংচুর করে। গতকাল সন্ধ্যায় ইফতার শেষে বিক্ষুব্ধ জনতা পৌর শহরে বিদ্যুতের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের বাসস্টপ এলাকায় পল্লী বিদ্যুতের কার্যালয় ঘেরাও করে।
এসময় বিক্ষুব্ধ জনতা পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সাইন বোর্ড ভেঙ্গে ফেলে কার্যালয়ে ইট পাটকেল নিক্ষেপ করে। খবর পেয়ে মঠবাড়িয়া উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতব্বর বিক্ষুব্ধ জনতাকে বিদ্যুতের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা মিছিল সহকারে উপজেলা পরিষদের সম্মুখ সড়কে টায়ার জ্বালিয়ে দুই ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে।
এসময় মঠবাড়িয়া-চরখালী সড়কে দুই ঘণ্টা ধরে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে জনদুর্ভোগের সৃষ্টি হয়। খবর পেয়ে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
উল্লেখ্য, গত চারমাস ধরে মঠবাড়িয়ায় দিনে ও রাতে বিদ্যুৎ সরবরাহে চরম অব্যবস্থাপনায় চলে আসছে। এতে জনজীবনে চরম দুর্ভোগের সৃষ্টি হচ্ছে।