
নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকা থেকে চুরি হওয়া ৭টি গাড়ি কক্সবাজারের টেকনাফের চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীদের কাছে পাওয়া গেছে । এসময় চোরাই গাড়ি সিন্ডিকেটের সদস্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী টেকনাফের মেহেদী হাসানকে আটক করা হয়েছে ।
গতকাল দিনব্যাপী টেকনাফের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে টেকনাফ থানা পুলিশের সহযোগিতায় এসব গাড়ি উদ্ধার করে ঢাকা থেকে আসা পুলিশের একটি বিশেষ দল ।
আটক চোরাই গাড়ি সিন্ডেকেটের সদস্য মেহেদী হাসান টেকনাফের নাইট্যং পাড়া আবদুল গফুরের ছেলে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। উদ্ধার হওয়া গাড়ির মধ্যে ৫টি মাইক্রোবাস ও ২টি কার রয়েছে। মাইক্রোবাসের মধ্যে ৩টি পাওয়া গেছে মেহেদী হাসানের কাছে। অপর গাড়িগুলো পাওয়া গেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ীদের কাছে ।
এর মধ্যে জালিয়াপাড়ার মোহাম্মদ জুবাইরের কাছে ১টি মাইক্রোবাস, বড় হাবিরপাড়ার ছৈয়দ আহমদের কাছে ১টি, মোহাম্মদ ইউনুছের কাছে ১টি ও মোহাম্মদ আলীর কাছে ১টি।
টেকনাফ থানার ওসি আবদুল মজিদ অভিযানের সত্যতা স্বীকার করে জানান, ঢাকার বিশেষ দলটি নির্দিষ্ট মামলার পরিপ্রেক্ষিতে টেকনাফে এ অভিযান চালায়। এতে উদ্ধার হওয়া গাড়ি ও আটক ব্যক্তিকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে ।