News71.com
 Bangladesh
 09 Jun 16, 01:49 AM
 515           
 0
 09 Jun 16, 01:49 AM

চট্টগ্রামে এসপিপত্নী হত্যা ।। সন্দেহজনক কালো মাইক্রোবাস চালকসহ আটক

চট্টগ্রামে এসপিপত্নী হত্যা ।। সন্দেহজনক কালো মাইক্রোবাস চালকসহ আটক

নিউজ ডেস্ক: চট্টগ্রামে পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম হত্যার ঘটনায় তিন মোটরসাইকেল আরোহীর পেছনে থাকা সন্দেহজনক একটি মাইক্রোবাস আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। তবে কবে কোথা থেকে চালকসহ মাইক্রোবাসটি আটক করা হয়েছে তা পুলিশ জানায়নি।

এ ব্যাপারে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার গতকাল বুধবার রাতে নিউজ৭১ কে জানান চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এটি ঘটনার দিন খুনিদের সহযোগী হিসেবে বা সাহায্য করা হয়েছিল কি না তা যাচাই-বাছাই করা হচ্ছে। নিশ্চিত হওয়ার পর কাল বৃহস্পতিবার এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে। কোথা থেকে কবে চালকসহ মাইক্রোবাসটি আটক করা হয়েছে এ ব্যাপারে মো. ইকবাল বাহার কিছু বলেননি।

পুলিশের সংগ্রহ করা ভিডিওচিত্রে দেখা যায়, খুনিদের মোটরসাইকেলের পেছনে একটি কালো রঙের মাইক্রোবাস চলে গেছে। সেই মাইক্রোবাসটি শনাক্ত করার চেষ্টা চলছে। পুলিশ কমিশনার জানান, ভিডিওচিত্র দেখে মনে হচ্ছে মাইক্রোবাসটি খুনিদের সহায়ক হিসেবে ছিল। খুনিরা আক্রান্ত হলে গাড়িটির সাহায্য নিত।

গত রোববার সকাল সাতটায় ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় চট্টগ্রামের জিইসি এলাকায় গুলি ও ছুরিকাঘাতে নিহত হন মাহমুদা খানম। ঘটনার পর পুলিশ জানায়, জঙ্গি দমনে বাবুল আক্তারের সাহসী ভূমিকা ছিল।এ কারণে জঙ্গিরা তাঁর স্ত্রীকে খুন করে থাকতে পারে। এ ঘটনায় সোমবার বাবুল আক্তার হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তিকে আসামি করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন