
নিউজ ডেস্কঃ দশম জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৫তম বৈঠকে বেসরকারি আমদানি-কারকদের উপর নির্ভরশীলতা কমিয়ে জিটুজি পর্যায়ে গম আমদানি বৃদ্ধি করার সুপারিশ করা হয়। গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কমিটির সভাপতি মো. আব্দুল ওয়াদুদ সভাপতিত্ব করেন। কমিটি সদস্য খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মো. কামরুল ইসলাম, মো. হাসিবুর রহমান স্বপন, খন্দকার আবদুল বাতেন এবং শেখ ফজলে নূর তাপস অন্যান্যের মধ্যে বৈঠকে অংশগ্রহণ করেন।
কমিটি নিরাপদ খাদ্যের গুরুত্ব এবং খাদ্য পণ্যে ভেজাল প্রতিরোধে গণমাধ্যমে প্রচারিত সচেতনতামূলক কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে। বৈঠকে কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম ই-টেন্ডারিং প্রক্রিয়ায় করার বিষয়ে সুপারিশ করে। বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের সচিব এস এম বদরুদ্দোজা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।