
নিউজ ডেস্কঃ কারসাজি করে পণ্যের দাম বাড়ালে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আজ সচিবালয়ে ব্যবসায়ীদের সঙ্গে রমজানে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে এক বৈঠকে তিনি এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ব্যবসায়ীদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চাই। তবে কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করলে কঠিন পদক্ষেপ গ্রহণ করা হবে।
তিনি বলেন, যারা উৎপাদন করে এবং যারা বিক্রি করে তাদের কাছ থেকে কিনে অনেক অসাধু ব্যবসায়ী বাজারে ছাড়ে না। তারা বাজারে কৃত্রিম সংকটের সৃষ্টি করে। এ রকম কারসাজির সঙ্গে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আমরা কঠিন ব্যবস্থা নিবো। চাহিদার তুলনায় বাজারে পণ্য সরবরাহ স্বাভাবিক রয়েছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, পণ্যের দাম স্বাভাবিক আছে এবং তা স্বাভাবিক থাকবে। গত ২ বছরও স্বাভাবিক ছিল। এবারো স্বাভবিক থাকবে। রমজানের মাসে ব্যবসায়ীদের সংযমী হওয়ারও আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী ।