News71.com
 Bangladesh
 09 Jun 16, 02:59 PM
 627           
 0
 09 Jun 16, 02:59 PM

রাজশাহী সীমান্তে গুলিতে যুবকের মৃত্যু ।। এখনও জিরো লাইনে পড়ে আছে অজ্ঞাত ৪ যুবকের লাশ.....

রাজশাহী সীমান্তে গুলিতে যুবকের মৃত্যু ।। এখনও জিরো লাইনে পড়ে আছে অজ্ঞাত ৪ যুবকের লাশ.....

নিউজ ডেস্কঃ রাজশাহীর পবা উপজেলার চর মাঝাড়দিয়াড় সীমান্তে গুলিতে রনি খালাসি নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি চর মাঝাড়দিয়াড় গ্রামের মৃত আবুল খালাসির ছেলে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ না চোরাকারবারিদের গুলিতে তার মৃত্যু হয়েছে এ ব্যাপারে এখনও নিশ্চিত হতে পারেনি প্রশাসন ।

রাজশাহীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান জানান, চর মাঝাড়দিয়াড় পবার মধ্যে পড়লেও সীমানা জটিলতার কারণে তা এ থানার মধ্যেই। স্থানীয় লোকজন পুলিশকে জানিয়েছেন, আজ ভোরে রনি মাঝাড়দিয়াড় সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তে ঢুকলে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে তিনি গুলিবিদ্ধ হলেও সেখান থেকে পালিয়ে বাড়ি চলে আসেন। পরে বাড়িতে তার মৃত্যু হয়। বিজিবির-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহজাহান সিরাজ ঘটনাস্থলে গেছেন।

সিও জানান রনি বিএসএফ’র গুলিতেই নিহত হয়েছেন কিনা এখনও তারা নিশ্চিত নন। ভারতের সীমান্ত থেকে রনির বাড়ির দূরত্ব ১ কিলোমিটার। এমনও হতে পারে, তার কোনো প্রতিপক্ষ তাকে গুলি করে বিএসএফ’র ওপর দায় চাপাচ্ছে। বিজিবি বিষয়টি খতিয়ে দেখছে বলে জানান তিনি ।

তবে কয়েকটি সুত্র জানায় সীমান্তের জিরো লাইন বরাবর আরও অন্তত ৪ জনের লাশ পড়ে রয়েছে । তারা ভারতীয় না বাংলাদেশী সে সম্পর্কে এখনও সুস্পষ্ট কিছু বলা যাচ্ছে না। একটি সংঘবদ্ধ চোরাচালানি দল সীমান্তে তাদের একছত্র আধিপত্য বিস্তার বিশেষ করে গরু চোরাচালানি সিনডিকেট নিয়ন্ত্রন করার লক্ষ নিয়ে এই হত্যাকান্ড ঘটাতে পারে বলেও শোনা যাচ্ছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন