
নিউজ ডেস্ক : রাজধানীর রামপুরা ও তুরাগ থানা এলাকায় গতকাল বুধবার দিবাগত রাতে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন। সংশ্লিষ্ট থানার ওসিরা সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। রাজধানীর রামপুরা থানাধীন পূর্ব রামপুরার বালুর মাঠ এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৩-এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার দিনগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম কামাল পারভেজ। তিনি রাজধানীর উত্তরখান এলাকার বাসিন্দা ছিলেন। তাঁর গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায়। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত সোয়া ১টার দিকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ঢামেকে আনা হয়।
এদিকে রাজধানীর তুরাগ থানা এলাকার প্রত্যাশা সেতুর কাছে ‘বন্দুকযুদ্ধে’ নজরুল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। র্যাবের ভাষ্য, নজরুল অজ্ঞান পার্টির নেতা। তাঁর লাশ টঙ্গি সরকারি হাসপাতালে রাখা হয়েছে।
র্যাব-১-এর অধিনায়ক তুহিন মোহাম্মদ মাসুদ জানান, রাতে তুরাগের প্রত্যাশা সেতুর কাছে একটি চেকপোস্টের কাছে ছিনতাইকারীদের সঙ্গে র্যাবের গোলাগুলিতে নজরুল আহত হন। পরে তাঁকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করা হয়।
র্যাবের এ কর্মকর্তা জানান, নজরুল ঢাকা মহানগরসহ আশপাশের এলাকায় প্রতারণা করে এ রকম একটি অজ্ঞান পার্টির নেতা ছিলেন। এ ছাড়া ছিনতাই ও নারী পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।