
নিউজ ডেস্ক: ময়মনসিংহের সদর উপজেলায় বন্ধুর ছুরিকাঘাতে সুলতান মিয়া (১৭) নামে এক কলেজছাত্র খুন হয়েছেন। উপজেলার শহরতলী ঘাঘড়া এলাকায় বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। সুলতান মিয়া স্থানীয় ডিকেজিএস ইউনাইটেড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি সদর উপজেলার উজান ঘাগড়া গ্রামের মুকুল মিয়ার ছেলে। নিহত সুলতানের বাবার অভিযোগ, পাশের পাড়াইল গ্রামের আব্দুল জ্বারের বখাটে ছেলে ফরহাদ তার ছেলেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, সুলতান মিয়াকে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তারই বখাটে বন্ধু ফরহাদ বাড়ি থেকে ডেকে নিয়ে মোটরসাইকেলে করে বেরিয়ে যান। এরপর সাড়ে ১২টার দিকে পাশের তালতলা চৌরাস্তা বাজারে প্রকাশ্যে কুপিয়ে ও ছুরিকাঘাত করে পালিয়ে যান।
কামরুল ইসলাম আরও জানান, এ সময় বাজারের লোকজন সুলতানকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বুকে দুটি আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় পাশের পাড়াইল গ্রামের ফরহাদকে খুঁজছে পুলিশ। তবে হত্যার কারণ জানাতে পারেনি পুলিশ।