
নিউজ ডেস্কঃ বাংলাদেশ প্রতিদিনের মেহেরপুর প্রতিনিধি মাহাবুবুল হক পোলেনের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কলম বিরতি পালন করছে মেহেরপুর প্রেসক্লাবের ব্যানারে জেলার সাংবাদিকরা। আজ সকালে মেহেরপুর প্রেসক্লাবের সামনে সাংবাদিকরা তাদের কলম, ক্যামেরা মাটিতে ফেলে রাস্তায় বসে এ কর্মসূচি পালন করেন ।
কলম বিরতি শেষে মেহেরপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা তুহিন আরন্যর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সাংবাদিক কামরুজ্জামান খান, রশিদ হাসান খান আলো, গোলাম মোস্তফা, মাজেদুল হক মানিক, ফারুক হোসেন, রাশেদুজ্জামান, জিএফ মামুন লাখি প্রমুখ। আলোচনা চলাকালে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামিলীগের সভাপতি ফরহাদ হোসেন মোবাইল ফোনের মাধ্যমে জেলার সাংবাদিকদের মামলার বিষয়ে বসে আলোচনার আশ্বাস দিলে সাংবাদিকরা তাদের পরবর্তী কর্মসূচি স্থগিত করেন ।
উল্লেখ্য, গত ১৮ই মে বাংলাদেশ প্রতিদিনের পেছনের পাতায়, বাজার থেকে গম কিনে গুদামে সরবরাহ করছেন ক্ষমতাসীনরা শীর্ষক নিউজের প্রেক্ষিতে ২২ই মে মেহেরপুর প্রতিনিধির বিরুদ্ধে কোটি টাকার মানহানি মামলা করেন জেলা আওয়ামিলীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস ।