
নিউজ ডেস্কঃ যানজট ও পরিষ্কার-পরিচ্ছন্নতা পরিস্থিতি দেখতে রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তান পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাইদ খোকন । আজ দুপুরে গুলিস্তানের অগ্রণী ব্যাংকের গলি থেকে হেঁটে সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের সামনে দিয়ে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার পর্যন্ত এলাকা পরিদর্শন করেন তিনি। এসময় মেয়রের সঙ্গে ছিলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো.আছাদুজ্জামান মিয়াসহ কর্মকর্তারা ।
সাইদ খোকন জানান, আশে পাশে সবকিছুই যথেষ্ট পরিষ্কার-পরিচ্ছন্ন দেখছি, এখন ইচ্ছেমত নগরীর সৌন্দর্যবর্ধন করতে পারবো। এখন লাখ লাখ মানুষ পরিষ্কার গুলিস্তান দেখছে, মানুষ ভালোভাবে মুভমেন্ট করতে পারছে, দীর্ঘদিন ধরে আমরা কাজ করে যাচ্ছি। আজ সেই কাজের সফলতা পাচ্ছি ।
এসব কিছু ডিএমপি কমিশনার ও পুলিশের সহযোগিতায় সম্ভব হয়েছে জানিয়ে মেয়র বলেন, রমজান মাসে রাস্তাঘাটে চাপ বাড়ে, এটা একটা স্বাভাবিক ব্যাপার। একটু মানিয়ে নিতে হবে। এসময় ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া জানান, রমজানের ৭ দিন আগে থেকে নগরী যানজটমুক্ত এবং পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য মেয়রের নির্দেশনায় কাজ করে যাচ্ছে পুলিশ প্রশাসন। রাস্তা ঘাটকে আমরা চলাচলের উপযোগী করেছি, সবাই যেন বাসায় গিয়ে ইফতার করতে পারে সে ব্যবস্থা আমরা করেছি ।
যানজটকে সহনশীল মাত্রায় রাখা হবে এবং এই শহরকে আর কোনোভাবেই নোংরা করতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেন তিনি। আছাদুজ্জামান মিয়া জানান, মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে থেকে শুরু করে ফুলবাড়িয়া, সব জায়গা আমরা যানজটমুক্ত করেছি। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে জানান, আপনারা আমাদের ভালো কাজগুলো মিডিয়াতে বেশি বেশি প্রচার করেন। পরিদর্শনকালে নগর ভবন ও ট্রাফিক পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।