
নিউজ ডেস্কঃ ই–মেইল অ্যাকাউন্ট হ্যাক করে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ক্যান্টনমেন্ট থানায় করা মামলায় দুই আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম এ কে এম মইনউদ্দিন সিদ্দিকী এ আদেশ দেন।
আসামিরা হলেন নাইজেরিয়ার নাগরিক কিংসলে লিভিংস্টোন এবং সোনিয়া শারমিন। মামলার তদন্ত কর্মকর্তা সাইবার ক্রাইম প্রতিরোধ টিমের পরিদর্শক মো. রফিকুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
বুধবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ওই দুজনকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিটের (সিটি) সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ।
রিমান্ড আবেদনে বলা হয়, ২০১০ সালে আসামিরা পরিকল্পিতভাবে রয়াল অ্যাস কট ভেনচার লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন।
রামপুরা এলাকায় ওই প্রতিষ্ঠানের ভুয়া ঠিকানা ব্যবহার করা হয়েছে। ওই প্রতিষ্ঠানটি কী কাজ করে তা জানা যায়নি। প্রতিষ্ঠানটির পরিচালকদের কোনো স্থায়ী ঠিকানাও নেই। এসব প্রতিষ্ঠানের অনুকূলে ব্যাংক হিসাব খুলে কুচক্রী লোকেরা প্রতারণার মাধ্যমে দেশ-বিদেশ থেকে বিভিন্ন অজুহাতে সুইফট কোড ব্যবহার করে ডলার বা টাকা তোলে।
আসামিরা কৌশলে জানতে পারে যে মামলার বাদীর পার্টনারকে বাদী সেজে বাদীর ই–মেইল ব্যবহার করে টাকাগুলো তাদের পূর্বের জনতা ব্যাংকের অ্যাকাউন্টে না পাঠিয়ে রয়াল অ্যাস কটের অনুকূলে অবৈধভাবে তৈরি প্রিমিয়ার ব্যাংকের গুলশান শাখায় পাঠানোর অনুরোধ করে। বাদীর পার্টনার এটাকে সত্য মনে করে, গত বছরের ১৯ ফেব্রুয়ারি ১৮ হাজার ৪৬০ ডলার পাঠালে আসামিরা তা তুলে নেন।
আসামিরা আন্তর্জাতিক মাফিয়া চক্রের সঙ্গে জড়িত আছেন। আর আসামি সোনিয়া শারমিনও ৪৪ লাখ টাকা আত্মসাৎ করেছেন। আসামিদের ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করলে তাঁদের সহযোগী চক্রকে শনাক্ত করা সম্ভব হবে। শুনানি শেষে আদালত আসামিদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত বছরের ১৭ মে নবাব আলী নামের এক ব্যক্তি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে ক্যান্টনমেন্ট থানায় এই দুজনের নাম উল্লেখ করে মামলা করেন।