News71.com
 Bangladesh
 09 Jun 16, 10:26 PM
 516           
 0
 09 Jun 16, 10:26 PM

নতুন বেতনস্কেল কার্যকরের দাবিতে হলি ফ্যামিলির পরিচালক অবরুদ্ধ

নতুন বেতনস্কেল কার্যকরের দাবিতে হলি ফ্যামিলির পরিচালক অবরুদ্ধ

নিউজ ডেস্ক: নতুন বেতন স্কেল কার্যকরের দাবিতে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা পরিচালক মো. শওকত আলীকে আটকে রেখেছেন। আজ বৃহস্পতিবার সকাল নয়টা থেকে তাঁরা আন্দোলন করছেন। আন্দোলনের কারণে সীমাহীন দুর্ভোগে পড়েন রোগীরা। সন্ধ্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত পরিচালক অবরুদ্ধ অবস্থায় আছেন।

আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে নতুন বেতন স্কেল কার্যকর করার দাবিতে অনেক দিন ধরেই তাঁরা তাগাদা দিয়ে আসছিলেন। কর্তৃপক্ষ ৮ জুনের মধ্যে বেতন স্কেল কার্যকর করবে, এমন কথা জানিয়েছিল। কিন্তু আজ সকালে হাসপাতালে এসে তাঁরা জানতে পারেন, এ মাসের শেষ নাগাদ বেতন স্কেল দেওয়া হবে, তা-ও পুরো নয়, ৩০ শতাংশ। এ খবর ছড়িয়ে পড়ার পরই কর্মকর্তা-কর্মচারীরা পরিচালককে ঘেরাও করেন। তাঁরা বাইরে থেকে পরিচালকের কক্ষের বিদ্যুৎ-সংযোগ কেটে দেন।

আজ বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালে গিয়ে দেখা যায় পরিচালকের কক্ষের সামনে শতাধিক কর্মকর্তা-কর্মচারী অবস্থান নিয়েছে।

এ বিষয়ে অবরুদ্ধ পরিচালক মো. শওকত আলী বলেন, রেড ক্রিসেন্টে বেতন স্কেল কার্যকর হয়েছে। কিন্তু হাসপাতাল ও মেডিকেল কলেজে কার্যকর হয়নি। খাতা-পত্র নিয়ে বসে দেখা গেছে হাসপাতালের যে আয়, বেতন স্কেল বাস্তবায়ন করতে তার অতিরিক্ত ৭৪ লাখ ৭৫ হাজার টাকা লাগবে। এ নিয়ে কর্তৃপক্ষ এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।

আন্দোলনের কারণে আজ হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালের বহির্বিভাগে রোগীরা চিকিৎসা পাননি। অন্তর্বিভাগে রোগীদের অনেকেই মাইকের শব্দ ও হইচই থেকে বাঁচতে কক্ষের দরজা-জানালা আটকে রাখেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন