News71.com
 Bangladesh
 10 Jun 16, 01:23 AM
 517           
 0
 10 Jun 16, 01:23 AM

বানারীপাড়ায় নদী ভাঙনে হাজার হাজার পরিবার নিঃস্ব

বানারীপাড়ায় নদী ভাঙনে হাজার হাজার পরিবার নিঃস্ব

নিউজ ডেস্কঃ রাক্ষুসী সন্ধ্যা নদীগর্ভে বিলীন হয়ে গেছে বানারীপাড়া উপজেলার বিস্তীর্ণ জনপদ। একমাত্র সহায়-সম্বল ভিটেমাটি ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে হাজার হাজার পরিবার। সন্ধ্যার অব্যাহত ভাঙনে বানারীপাড়ার জিরারকাঠী, হক সাহেবের হাট, মসজিদবাড়ী, চাউলাকাঠী, কালিরবাজার, নলেশ্রী, দিদিহার, উত্তরকুল, বাংলাবাজার, শিয়ালকাঠী, দান্ডয়াট, উত্তর নাজিরপুর, দক্ষিণ নাজিরপুর, জম্বদ্বীপ, ব্রাহ্মণকাঠী, কাজলাহারসহ উপজেলার বিভিন্ন এলাকার হাটবাজার, ঘরবাড়ি, ফসলি জমি, রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, স্কুল-কলেজ ও মাদ্রাসা বিলীন হয়ে গেছে। মানচিত্রে থাকলেও নদী গ্রাস করে ফেলেছে গ্রামগুলোকে। এদিকে গত কয়েকদিনের অব্যাহত বর্ষণ, ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাব ও অনিয়মতান্ত্রিকভাবে নদীর বিভিন্ন স্থান থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে ভাঙন আরও তীব্র আকার ধারণ করেছে।

চলতি বছর সন্ধ্যা নদীর আটটি পয়েন্টে বালু মহাল ইজারার দরপত্র আহবান করা হলেও পশ্চিম জিরারকাঠি, মসজিদ বাড়ি, খেজুর বাড়ি ও ব্রাহ্মণকাঠি এলাকার চারটি পয়েন্টে ইজারা নিয়ে বালু উত্তোলনের ফলে সৈয়দকাঠি, চাখার, বাইশারী ও বানারীপাড়া সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। বাইশারী ইউনিয়নের নাটুয়ারপাড় মহিলা মাদ্রাসা, উত্তর নাজিরপুর গ্রামের ধানের হাট, শিয়ালকাঠি ফেরিঘাট, সৈয়দকাঠি ইউনিয়নের মসজিদ বাড়ি স্কুল এন্ড কলেজ, নলেশ্রী, দিদিহার এলাকা, চাখারের কালিরবাজার, সলিয়াবাকপুর ইউনিয়নের গোয়াইল বাড়ি, খেজুর বাড়ি, খোদাবখশা এবং সদর ইউনিয়নের ব্রাহ্মণকাঠি ও কাজলাহার গ্রামের বিস্তীর্ণ জনপদ, শিক্ষা ও ধর্মীয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান নদী গ্রাস করে ফেলেছে। হুমকিতে রয়েছে খেজুরবাড়ি আবাসন, বাংলাবাজার ও উত্তর নাজিরপুর গুচ্ছগ্রাম। অব্যাহত ভাঙনে হারিয়ে যাচ্ছে নদীর গতিপথ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন