News71.com
 Bangladesh
 10 Jun 16, 11:24 AM
 516           
 0
 10 Jun 16, 11:24 AM

পাবনায় সৎসঙ্গ আশ্রমের সেবাইতকে কুপিয়ে হত্যা।।

পাবনায় সৎসঙ্গ আশ্রমের সেবাইতকে কুপিয়ে হত্যা।।

নিউজ ডেস্ক : দেশে আবারও হামলার শিকার হয়ে প্রান হারাতে হল আরও এক হিন্দু পুরাহিতকে। ঘটনাস্থল পাবনার হেমায়েতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রম । এই আশ্রমেরই সেবক নিত্যরঞ্জন পাণ্ডে (৬২) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন এলাকাবাসি । নিহত নিত্যরঞ্জন পাণ্ডে গোপালগঞ্জ সদরের আরুয়া কংশু এলাকার মৃত রশিক লাল পাণ্ডের ছেলে। তিনি প্রায় ৪০ বছর ধরে পাবনার ঠাকুর অনুকূল চন্দ্র আশ্রমে সেবক হিসেবে কর্মরত ছিলেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান জানান, প্রতিদিনের মতো ভোরে রাস্তায় হাটতে বেরিয়েছিলেন নিত্যরঞ্জন পাণ্ডে। এ সময় পাবনা মানসিক হাসপাতালের উত্তরপাশের প্রধান গেটে পৌঁছালে দুর্বৃত্তরা পেছন থেকে নিত্যরঞ্জন পাণ্ডের ঘাড়ে-মাথায় এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান নিত্যরঞ্জন পাণ্ডে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

তবে কারা কি কারণে নিত্যরঞ্জনকে হত্যা করেছে তা নিশ্চিত করে বলতে পারেননি ওসি। হত্যার কারণ ও হত্যাকারী সম্পর্কে খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এদিকে ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন পাবনা পুলিশ সুপার (এসপি) আলমগীর কবিরসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক হত্যাকাণ্ডের অংশ হিসেবে পাবনার হেমায়েতপুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবক নিত্যরঞ্জনকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন