
নিউজ ডেস্ক: রাজধানীর গুলিস্তানে ফুটপাতে হকার উচ্ছেদকে কেন্দ্র করে পুলিশ ও হকারদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ব্যাপক সংঘর্ষ চলছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে গুলিস্তানের ঢাকা ট্রেড সেন্টারের পাশে মেয়র হানিফ ফ্লাই ওভারের নিচে এ ঘটনা ঘটে। উচ্ছেদের প্রতিবাদে হকাররা পুরাতন কাঠ, চেয়ার-টেবিল জড় করে আগুন ধরিয়ে দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, টিয়ার গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে। দুই পক্ষের সংঘর্ষের সময় মতিঝিল বিভাগের উপকমিশনার আনোয়ার হোসেন আহত হন। পুলিশ ঢাকা ট্রেড সেন্টারে অভিযান চালিয়ে শতাধিক শ্রমিককে আটক করে পল্টন থানায় নিয়ে যায়। এ সময় আশপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদ আলম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। এ সময় মতিঝিল বিভাগের উপকমিশনার আনোয়ার হোসেনের মাথায় ইটের টুকরা লাগে। এতে তিনি আহত হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বেলা দুইটার পরে মোর্শেদ জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। সেন্টারের ভেতর থেকে শতাধিক শ্রমিককে আটক করা হয়েছে। যাচাইবাছাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।