
নিউজ ডেস্ক: পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম খুনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালনের সময় আজ শুক্রবার বিকেলে ‘জঙ্গি’ সন্দেহে এক ‘রিকশাচালক’কে আটক করে পুলিশে দিয়েছে জনতা। এই ‘রিকশাচালকে’র কাছে দুটি ছোরা পাওয়া গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারণা চালিয়ে চট্টগ্রামের একদল তরুণ এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এতে শতাধিক তরুণসহ বিভিন্ন পেশার লোকজন অংশ গ্রহণ করেন।
পুলিশ জানায়, আটক রিকশাচালকের নাম ইব্রাহিম (২২)। তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলায় বলে পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। রিকশাচালক হলেও তাঁর পরনে প্যান্ট ও গেঞ্জি এবং পিঠে একটি ব্যাগ ছিল।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বলেন, ইব্রাহিম নামের যুবকটি প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধন কর্মসূচি পালনের সময় রহস্যজনক আচরণ করছিলেন। তার রিকশার গদির নিচে দুটি ছুরি, একটি পেনড্রাইভ ও একটি মুঠোফোন পাওয়া গেছে।
ওসি জসীম উদ্দিন বলেন, ‘ইব্রাহিমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে অসংলগ্ন কথাবার্তা বলছে। এই ছুরিগুলো মানববন্ধন কর্মসূচির জায়গায় কেন এনেছিলেন এ বিষয়েও আমরা জানার চেষ্টা করছি। জঙ্গিসংশ্লিষ্টতা আছে কি না, সেটাও আমরা দেখছি।’