News71.com
 Bangladesh
 11 Jun 16, 12:55 AM
 537           
 0
 11 Jun 16, 12:55 AM

সান্ত্বনা জানাতে ১৪ দলের নেতারা এসপি বাবুলের বাসায়

সান্ত্বনা জানাতে ১৪ দলের নেতারা এসপি বাবুলের বাসায়

নিউজ ডেস্ক: সন্ত্রাসীদের হাতে নিহত মাহমুদা খানমের স্বামী পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের রাজধানীর বনশ্রীর বাসায় গেছেন ১৪ দলের নেতারা। সেখানে তাঁরা বাবুল আক্তারের দুই সন্তান ও পরিবারের অন্য সদস্যদের খোঁজখবর নেন এবং সান্ত্বনা দেন। একপর্যায়ে বাবুল আক্তার কান্নায় ভেঙে পড়লে নেতারা তাঁকে সান্ত্বনা দেন।

আজ শুক্রবার বিকেলে ১৪ দলীয় জোটের নেতারা স্বাস্থ্যমন্ত্রী ও জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিমের নেতৃত্বে বাবুল আক্তারের রাজধানীর বনশ্রীর মেরাদিয়ার বাসায় যান।

মাহমুদা খানমের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিরা দ্রুত গ্রেপ্তার হবে—এমন আশা প্রকাশ করে নাসিম বলেন, ‘আমরা চাই অবিলম্বে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক। ইতিমধ্যে খুনিদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। অবশ্যই এই সাঁড়াশি অভিযান চালাতে হবে। যত দিন পর্যন্ত খুনিরা নির্মূল না হবে, তত দিন অভিযান চালাতে হবে। এমনভাবে এ অভিযান পরিচালনা করতে হবে, যাতে খুনিরা আতঙ্কিত হয়।’

বাবুল আক্তারের বাসা থেকে বেরিয়ে আসার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাসিম বলেন, ‘বাবুল আক্তার একজন সাহসী পুলিশ অফিসার। তাঁর দক্ষতার জন্য তিনি প্রশংসিত হয়েছেন। কিন্তু তাঁর স্ত্রীকে নির্মমভাবে সন্তানের সামনে কাপুরুষের মতো হত্যা করা হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই।’

গত রোববার সকাল সোয়া সাতটার দিকে চট্টগ্রাম মহানগরের জিইসি মোড়ে মোটরসাইকেলে করে এসে তিন দুর্বৃত্ত পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রীকে গুলি ও ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়। নিহত মাহমুদা খানমের এক পুত্র ও এক কন্যাসন্তানের মা। এ ঘটনায় পুলিশ শিবিরের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন