
কবির কানন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী ফারিয়া তাবাসসুম জ্যোতি ও তার বড় ভাই ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী এজাজুল ইসলামের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও মৌন মিছিল করেছে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। শুক্রবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ‘ ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট পরিবার’ ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় । মানববন্ধনে বক্তারা হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ।
গত বৃহস্পতিবার সকালে গ্রীষ্ম ও রমজানের ছুটিতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এই ভাই-বোন তাদের বাড়ি বাগেরহাটের বেমর্তা গ্রামের উদ্দেশ্যে যাওয়ার সময় সায়েদাবাদ রেলক্রসিংয়ের সামনে ছিনতাইকারীদের দ্বারা মারাত্মক আহত হন । জ্যোতি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ।
মানববন্ধনে ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আলী আক্কাস বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থীদের উপর হামলা দেশের জন্য অশনিসংকেত । দেশে আমরা বিচারহীনতার সংস্কৃতি চালু হতে দেখেছি। ফলে এসব হামলার ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে । এসময় তিনি ঢাবির দুই শিক্ষার্থীর উপর হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবি করেন ।
মানববন্ধনে অধ্যাপক মোশাররফ হোসেন বলেন, জ্যোতি খুব মেধাবী ছাত্রী । তার উপর হামলা কোনো ভাবেই সমর্থনযোগ্য নয় ।
মানববন্ধনে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের প্লাকার্ড বহন করেন। যাতে লেখা ছিল , ‘ জ্যোতির উপর হামলা, মানি না আমরা; প্রশাসনের নিরবতা, মানিনা মানবো না।