News71.com
 Bangladesh
 11 Jun 16, 12:57 PM
 633           
 0
 11 Jun 16, 12:57 PM

ভৈরব বাসস্ট্যান্ড এলাকার দুর্জয় মোড় দখলমুক্ত

ভৈরব বাসস্ট্যান্ড এলাকার দুর্জয় মোড় দখলমুক্ত

নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট ও ঢাকা-ভৈরব-ময়মনসিংহ মহাসড়কের প্রবেশমুখ কিশোরগঞ্জের ভৈরব বাসস্ট্যান্ডের দুর্জয় মোড়কে দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল শুক্রবার বিকেলে বাসস্ট্যান্ড এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালায় উপজেলা প্রশাসন ও পৌরসভা।ওই সময় দুর্জয়মোড় এলাকার উভয় পাশে ২০০ গজের মধ্যে থাকা শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।

পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সহায়তায় অভিযানে নেতৃত্ব দেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলরুবা আহমেদ এবং ভৈরব পৌরসভার মেয়র ফখরুল আলম আক্কাছ।

এ বিষয়ে জানতে চাইলে দিলরুবা আহমেদ ও ফখরুল আলম আক্কাছ জানান, এই উচ্ছেদ অভিযান একটি চলমান প্রক্রিয়া। অবৈধ দখলদারদের কাছ থেকে সরকারি ভূ-সম্পদ রক্ষা ও যাত্রীদের চলাচল নির্বিঘ্ন করতে প্রশাসনের এ অভিযান চলবেই।

গতকাল বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় ওই এলাকার রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে তোলা বিভিন্ন দোকান, টিকেট কাউন্টারসহ অন্যান্য স্থাপনা উচ্ছেদ করা হয়।

গত মঙ্গলবার থেকে তিনদিন ওই এলাকায় মাইকিং করে অবৈধ স্থাপনা ভেঙে ফেলার প্রচারনা চালায় উপজেলা প্রশাসন।

এর আগে দুর্জয় মোড়কে যানযটমুক্ত করতে অবৈধ দখলদারদের অন্যত্র সরে যেতে তিন দিনের আলটিমেটাম দেয় উপজেলা প্রশাসন। এর কোনো ব্যতিক্রম ঘটলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আর্থিক জরিমানসহ উচ্ছেদ করা হবে বলেও জানানো হয়। এ ঘোষণার আগে স্থানীয় রাজনীতিবিদ, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের কাছ থেকে উচ্ছেদ অভিযানে কোনো তদবির না করার অঙ্গীকার আদায় করে নেয় প্রশাসন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন