
নিউজ ডেস্ক: বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলায় রফিক শেখ (৩৫) নামে এক চিংড়ি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের খারুইখালী গ্রামের একটি চিংড়ি ঘেরে ভাসমান অবস্থায় রফিকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে এই হত্যাকাণ্ডে জড়িত কাউকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি। নিহত রফিক শেখ পঞ্চকরণ ইউনিয়নের খারুইখালী গ্রামের সৈয়দ আলী শেখের ছেলে। মোরেলগঞ্জ থানার ওসি (তদন্ত) তারক বিশ্বাস বলেছেন, শুক্রবার রাতে বাড়ি থেকে বেরিয়ে ঘের ব্যবসায়ী রফিক শেখ মসজিদে তারাবি নামাজ পড়তে যান। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের লোকজন রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি।
শনিবার সকালে স্থানীয় লোকজন রফিকের মালিকানাধীন ঘেরের পানিতে তাকে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ সেখানে গিয়ে তার লাশ উদ্ধার করে। তার বুকে ও পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পুলিশ ধারণা করছে, শুক্রবার রাতে কোনো এক সময়ে দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ পানিতে ফেলে দিয়েছে। তারক বিশ্বাস জানান, রফিক শেখ স্থানীয় টিটু শরীফ নামে এক ব্যক্তির সঙ্গে যৌথমালিকানায় ৮০ বিঘার একটি চিংড়ি ঘের করেছিলেন।
সম্প্রতি টিটু শরীফের সাথে ঘেরের মালিকানা নিয়ে রফিকের বিরোধ হয়। ওই বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে থাকতে পারে বলেও পুলিশ ধারণা করছে। জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে বলেও জানিয়েছেন ওসি তারক বিশ্বাস।