News71.com
 Bangladesh
 11 Jun 16, 06:31 PM
 496           
 0
 11 Jun 16, 06:31 PM

জঙ্গি দমনে সরকারকে কঠোর হবার আহ্বান জানালেন সম্মিলিত নাগরিক সমাজের প্রতিনিধিরা....

জঙ্গি দমনে সরকারকে কঠোর হবার আহ্বান জানালেন সম্মিলিত নাগরিক সমাজের প্রতিনিধিরা....

নিউজ ডেস্ক: জঙ্গিবাদের দানবীয় শক্তিকে নির্মূল করতে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন সম্মিলিত নাগরিক সমাজের প্রতিনিধিরা। সমস্যা সমাধানে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সব রাজনৈতিক দল ও সাধারণ মানুষকেও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।

আজ শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘সন্ত্রাসবাদ, নৈতিকতা ও যুদ্ধাপরাধীদের বিচার: জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষিত’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ আহ্বান জানানো হয়। এতে নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

বৈঠকে সভাপতিত্ব করেন সম্মিলিত নাগরিক সমাজের চেয়ারম্যান অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমেদ। তিনি বলেন, বর্তমানে দেশে যে সংকট চলছে, সেটার সমাধানে সরকারকে আরও তৎপর হতে হবে। ঘটনার মূলে যেতে হবে। যে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে, সেটিকে জোরদার করতে হবে। তবে শুধু সরকার একা এই সমস্যার সমাধান করতে পারবে না। এ জন্য মুক্তিযুদ্ধের চেতনায় যাঁরা বিশ্বাস করেন, তাঁদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সামাজিক শক্তিগুলোকেও মাঠে নামতে হবে।

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদ বলেন, শক্তিকে শক্তি দিয়েই মোকাবিলা করতে হবে। জঙ্গিবাদকেও সেভাবেই শক্তভাবে মোকাবিলা করতে হবে। তবে শুধু অস্ত্রের নয়, মানুষেরও শক্তি আছে। সেটিকে কাজে লাগাতে হবে। জঙ্গিবাদ দমনে দেশের সব মাওলানাকে জমায়েত করে ইসলামের আলোকে তাঁদের জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলার উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন তিনি।

সাংবাদিক আবেদ খান বলেন, জঙ্গিবাদের যে ঘটনাগুলো ঘটছে, সেগুলোকে শুধু এখনকার ঘটনা হিসেবে দেখলে চলবে না। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের জয়ের পর থেকেই পরাজিতরা এসব ষড়যন্ত্র করে চলছে। আজকে তারাই সংখ্যালঘুসহ নিরীহ মানুষের ওপর আক্রমণ করছে। কাজেই শুধু কথা না বলে যথাযথভাবে সমস্যার সমাধান করতে হবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ কে এম নূর-উন-নবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নওয়াজীশ আলী খান বলেন, জঙ্গিবাদ দমনে জনসাধারণকেও এখন দায়িত্ব নিতে হবে।

আইনজীবী তুরিন আফরোজ বলেন, চাপাতিতন্ত্র নিয়ন্ত্রণ করতে চাইলে বিশেষ বাহিনী নামাতে হবে। সমস্যা সমাধানে মূলে আঘাত করতে হবে।

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবদুর রশিদ। তিনি বলেন,মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ও রাজনৈতিক দলগুলো জঙ্গিবাদকে কৌশল হিসেবে নিয়েছে। সরকারকে দৃশ্যমানভাবে আন্তরিকতা দেখাতে হবে। জঙ্গিবাদের দানবীয় শক্তিকে বিনাশ করতে জনগণকে এগিয়ে আসতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন