
নিউজ ডেস্কঃ গুপ্তহত্যার সঙ্গে জড়িতদের খুঁজে খুঁজে বের করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, ‘এদের খুঁজে খুঁজে বের করব। যাবে কোথায়?’ আজ শনিবার (১১ জুন) আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ভূখণ্ডের দিক দিয়ে ছোট। এখানে সবাই সবাইকে চিনতে পারে বা জানতে পারে। এগুলো খুঁজে বের করা খুব কঠিন কাজ না। এর শাস্তি তারা পাবেই।’ গুপ্তহত্যা বন্ধ করা সময়ের ব্যাপার বলেও মনে করেন প্রধানমন্ত্রী।
এ হত্যাকাণ্ডগুলোর সূত্রও খুঁজে বের করা হবে বলে জানিয়ে প্রধানমন্ত্রী আরো বলেন, ‘কিছু সূত্র আমরা পাচ্ছি। সব এক সময় বের হবেই। দেশি-বিদেশি যারাই এর পেছনে থাক, বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না। যারা উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, তাদের কোনো ক্ষমা নেই। এই বাংলাদেশ জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চলবে না।’