
নিউজ ডেস্ক: জেলার বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মহিউদ্দিন হাওলাদারকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এলাকায় । আধিপত্য বিস্তার আর দলীয় কোন্দল নিয়ে প্রতিপক্ষ ওই ইউনিয়নের মেম্বার ও যুবলীগের সম্পাদক মামুনের নেতৃত্বে এ খুনের ঘটনা ঘটে।
আজ শনিবার দুপুর ৩টায় এই ঘটনার পর মহিউদ্দিনকে বরিশাল শেবাচিম হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৭টায় তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মহিউদ্দিন হাওলাদার ওই ইউনিয়নের সোনাপুরা গ্রামের আ. রশীদ হাওলাদারের ছেলে। নাম প্রকাশ করতে অনিচ্ছুক স্থানীয় আওয়ামী লীগের এক নেতা বলেন, বর্তমান চেয়ারম্যান হাজী শফিকউদ্দিন সিকদারের সাথে কথা বলে ফিরছিলেন মহিউদ্দিন হাওলাদার।
পথিমধ্যে কাকরদা হাইস্কুল মাঠে পৌঁছলে আগেই প্রস্তুতি নিয়ে থাকা যুবলীগ নেতা মামুন মেম্বার ওরফে হাতকাটা মামুনের নেতৃত্বে বশির খান, ছগির গাজী, মহিউদ্দিন চাপরাশী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার পায়ের রগ কেটে ফেলে রেখে যায়। এরপর মহিউদ্দিনকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।
শেবাচিম হাসপাতালে কর্তব্যরত জরুরি বিভাগের চিকিৎসক ডা. মামুন অর রশীদ জানান, অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে আনার আগেই মহিউদ্দিন হাওলাদারের মৃত্যু হয়।
এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান জানান,এ ঘটনার পর হত্যাকারীদের আটক করার জন্য অভিযানে নেমেছে পুলিশ। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এলাকায় আধিপত্য বিস্তার ও দলীয় কোন্দল নিয়ে এই হত্যাকাণ্ড ঘটেছে। তবে এখনো পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়নি।