
নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে সাবেক প্রেমিকার আপত্তিকর ছবি ইন্টারনেটে আপলোড করার অভিযোগে আশিকুর রহমান (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কদমতলী এলাকার মফিজুর রহমান খোকনের ছেলে।
আজ শনিবার ভুক্তভোগীর ভাই থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্তে সত্যতা পেয়ে আশিকুরকে গ্রেপ্তার করে। পরে তাঁর ব্যবহৃত কম্পিউটার ও বিভিন্ন ধরনের আপত্তিকর স্থির চিত্র জব্দ করে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, এক তরুণীর সঙ্গে দুই বছর আগে আশিকুরের সম্পর্ক গড়ে ওঠে। ওই সম্পর্কের একপর্যায়ে আপত্তিকর ছবি মোবাইল ফোনে ধারণ করে আশিক। গত ৬ মে ওই তরুণীর বিয়ে হয়। এতে ক্ষিপ্ত হয়ে আশিকুর সেই ছবিগুলো তরুণীর বাড়ি, আত্মীয়স্বজনদের কাছে বিভিন্ন মাধ্যমে পৌঁছে দেয়। একপর্যায়ে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করে। এর আগেও আশিকুর একাধিক আইডি ব্যবহার করে এসব অশ্লীল ছবি ইন্টারনেটে আপলোড করে।