News71.com
 Bangladesh
 12 Jun 16, 11:45 AM
 494           
 0
 12 Jun 16, 11:45 AM

চলতি বছরের প্রথম ৫ মাসে দুদকে রেকর্ড সংখ্যক দুর্নীতির অভিযোগ প্রেরণ।।

চলতি বছরের প্রথম ৫ মাসে দুদকে রেকর্ড সংখ্যক দুর্নীতির অভিযোগ প্রেরণ।।

নিউজ ডেস্কঃ চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত পাঁচ মাসে দুর্নীতির তিন হাজার ৯শ ৩৭টি অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)। এর মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে গত মে মাসে। এ সংখ্যা ১ হাজার ১শ ৬৯টি। যা যেকোনো সময়ের জন্য রেকর্ড সংখ্যা বলে জানায় দুদক। এসব প্রেরিত দুর্নীতির অভিযোগ সমূহ অধিকাংশই বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ পরিসংখ্যানে কমিশনের প্রতি জনসাধারণের আস্থা বেড়েছে বলেই দাবি রাষ্ট্রীয় দুর্নীতিবিরোধী এ প্রতিষ্ঠানটির। দুদকের অভিযোগ যাচাই-বাছাই কমিটি সূত্রে জানা যায়, শুধু মে মাসে দুদক চেয়ারম্যান, কমিশনার বক্স ও অন্য পদস্থ কর্মকর্তাদের দফতরে মোট ১ হাজার ৬৯টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ৮০টি অভিযোগ অনুসন্ধানের জন্য যাচাই-বাছাই কমিটি সুপারিশ করেছে। আর ৫৬টি অভিযোগ অনুসন্ধানের জন্য কমিশনার অনুমোদন দিয়েছেন। তবে ওই মাসে মোট অভিযোগের মধ্যে ৯২৮টি অভিযোগ অনুসন্ধানের জন্য গ্রহণ করেনি দুদক। 

অপরদিকে, গত মে মাসে পত্রিকার ক্লিপিং থেকেও ২৬ অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে ৯টি অভিযোগ অনুসন্ধানের জন্য যাচাই-বাছাই কমিটি সুপারিশ করেছে, আর অনুসন্ধান কমিশনার অনুমোদন করেছেন ১০টি অভিযোগ। বাকি অভিযোগগুলো গৃহীত হয়নি। একই মাসে প্রধানমন্ত্রীর কার্যালয়, সংসদ গোয়েন্দা সংস্থা, বিভিন্ন বিভাগ ও মন্ত্রণালয় থেকে ৬টি অভিযোগ পাওয়া যায়। 

এরমধ্যে সবক’টি অভিযোগ অনুসন্ধানের জন্য যাচাই-বাছাই কমিটি ও অনুসন্ধান কমিশনার অনুমোদন দিয়েছেন। কমিটি সূত্রে আরও জানা যায়, গত এপ্রিলে ৭শ ৭৮টি অভিযোগ দুদকে জমা পড়েছে। এরমধ্যে ৫৯টি অভিযোগ যাচাই-বাছাই কমিটি অনুসন্ধানের জন্য গ্রহণ করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ৩৮টি অভিযোগের বিষয়ে পাঠানো হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে। অপর পক্ষে, বছরের প্রথম চার মাসে (জানুয়ারি-এপ্রিল পর্যন্ত) মোট ২ হাজার ৮শ ৩৮টি অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে যাচাই-বাছাই করে অনুসন্ধানের জন্য ১৯০টি অভিযোগ গ্রহণ করেছে কমিশন। এই সময়ের মধ্যে ৭৫টি অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে পাঠানো হয়েছে। 

তবে কমিশনের তফসিলভুক্ত না হওয়া, সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত না থাকার কারণে এ সময়ের মধ্যে আসা ২ হাজার ৫শ ৭১টি অভিযোগ গ্রহণ করা হয়নি বলে জানা যায়। এ বিষয়ে দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টচার্য সংবাদ মাধ্যমকে বলেন, দুর্নীতির অভিযোগে গত কয়েক বছরের মধ্যে এবার সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে। এরমধ্যে মে মাসে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে কমিশনে। দুদকের নতুন চেয়ারম্যান ইকবাল মাহমুদ যোগদান করার পর (১৪ মার্চ) অভিযোগ আসা বেড়ে গেছে জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে দুদকের প্রতি মানুষের আস্থা বেড়েছে বলে প্রমাণ করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন