News71.com
 Bangladesh
 12 Jun 16, 12:06 PM
 514           
 0
 12 Jun 16, 12:06 PM

চাঁদার কারণেই হকারদের পক্ষে পুলিশের অভিজান।।

চাঁদার কারণেই হকারদের পক্ষে পুলিশের অভিজান।।

নিউজ ডেস্কঃ রাজধানীর গুলিস্তানে হকার ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে গ্রেপ্তার হওয়া ১৯০ জনের অধিকাংশই ব্যবসায়ীপক্ষের। ব্যবসায়ীদের অভিযোগ, ফুটপাত ও রাস্তায় বসা হকারদের কাছ থেকে স্থানীয় রাজনীতিবিদ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বড় অঙ্কের চাঁদা পান। পুলিশ তাই হকারদের পক্ষ নিয়ে ব্যবসায়ীদের গণহারে গ্রেপ্তার করেছে।

গুলিস্তানে ঢাকা ট্রেড সেন্টারের (দক্ষিণ) বারান্দা ও সামনের ফুটপাতে দোকান বসানো নিয়ে হকার ও ব্যবসায়ীদের মধ্যে গত শুক্রবার দ্বিতীয় দিনের মতো সংঘর্ষ হয়। এতে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনারসহ অন্তত ২৫ জন আহত হন। ট্রেড সেন্টারে অভিযান চালিয়ে মোট ১৯০ জনকে আটক করে পুলিশ। গত বৃহস্পতিবার হকারদের পক্ষ থেকে করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।

গত শনিবার গুলিস্তানে গিয়ে দেখা যায়, ঢাকা ট্রেড সেন্টারে পুরোদমে বেচাকেনা চলছে। মার্কেটের চারপাশের ফুটপাতেও পসরা সাজিয়ে বসেছেন হকাররা। তবে রাস্তার ওপর দুপুর পর্যন্ত কোনো হকারকে বসতে দেখা যায়নি।

ঢাকা ট্রেড সেন্টার মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন বলেন, ‘গণহারে দোকানের মালিক ও কর্মচারীদের গ্রেপ্তার করা হয়েছে। অথচ সংঘর্ষ হয়েছে দুই পক্ষে। এ ঘটনায় আমরা হতবাক।’ তিনি বলেন, পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হকারদের উচ্ছেদের কথা বলে, কিন্তু স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে গলদ থাকায় তা সফল হয় না।

ব্যবসায়ী ও হকারদের সঙ্গে কথা বলে জানা যায়, মার্কেটটির চারপাশে ফুটপাত ও রাস্তার ওপর প্রায় ১ হাজার ৫০০ হকার বসেন। তাঁদের কাছ থেকে প্রতিদিন ১৫০-২০০ টাকা হারে চাঁদা তোলা হয়, যা মাসিক সর্বনিম্ন ৬৭ লাখ ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৯০ লাখে দাঁড়ায়। এই চাঁদা ভাগ-বাঁটোয়ারা হয় স্থানীয় রাজনীতিবিদ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে।

ব্যবসায়ীরা জানান, সংঘর্ষের সময় পুলিশ হকারদের পক্ষে অবস্থান নিয়েছিল। হকারদের দিক থেকে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। কিন্তু পাশেই পুলিশ দাঁড়ানো থাকলেও তাদের থামাতে কোনো পদক্ষেপ নেয়নি। বৃহস্পতিবার দুই পক্ষের সংঘর্ষের পর হকারদের পক্ষ থেকে ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা করেছিলেন লুৎফর রহমান। নিজেকে তিনি আওয়ামী লীগের গুলিস্তান ইউনিটের আহ্বায়ক হিসেবে পরিচয় দিয়ে বলেন, ‘হকারদের ১০-১২ জন গ্রেপ্তার হয়েছেন। পুলিশ ভাইরা আমাদের সহযোগিতা করেছেন। কোনো ঝামেলা করেন নাই। পিটানও নাই।’ দুই পক্ষের সংঘর্ষে হকারদের প্রতি পুলিশের এমন সদয় আচরণের কারণ সম্পর্কে জানতে চাইলে লুৎফর কোনো সদুত্তর দিতে পারেননি। তবে হকারদের পক্ষ থেকে পুলিশকে প্রতিদিন চাঁদা দেওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন।

দিনে সংঘর্ষের পর রাতে মালিক সমিতির সঙ্গে হকাররা আলোচনায় বসেন। সেখানে হকারদের প্রতিনিধিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদ উদ্দিন আহম্মেদ। আলোচনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা ক্ষতিগ্রস্ত হকারদের ক্ষতিপূরণের কথা বলেছি ব্যবসায়ীদের। তারা একটা ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন।’

হকারদের কাছ থেকে চাঁদা নেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘ভাই, আমি নিজে একদিন প্রত্যেকটা লাইনম্যানকে ডেকে তারা কার কাছ থেকে কত টাকা চাঁদা নেয়, কাকে কত টাকা দেয়, সে বিষয়ে হিসাব নিয়েছিলাম। সবকিছু হিসাব করে দেখেছি, পৌনে ৩ শতাংশ চাঁদাও স্থানীয় রাজনীতিবিদ বা নেতাদের পকেটে যায় না। বাকি চাঁদাটা তাহলে যায় কোথায়? আপনারা শুধু রাজনীতিবিদ বা নেতাদের ওপর সবকিছু চাপানোর চেষ্টা করেন।’

মার্কেটটির পাশেই সার্জেন্ট আহাদ পুলিশ বক্স। সেখানে পুলিশের সহকারী কমিশনার মো. মাজহারুল ইসলাম বলেন, ব্যবসায়ীপক্ষকে থামানো সম্ভব হচ্ছিল না। তা ছাড়া তাদের বিরুদ্ধে হকারদের মামলাও রয়েছে। তাই গ্রেপ্তার হওয়াদের মধ্যে ব্যবসায়ীদের সংখ্যা বেশি। হকারদের কাছ থেকে চাঁদা নেওয়ার বিনিময়ে তাদের বসার জায়গা করে দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘এখানে আমাদের কোনো ইন্টারেস্ট নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উচ্ছেদের বিষয়ে আমাদের যেভাবে নির্দেশনা দেয়, আমরা সেভাবেই কাজ করি।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন