News71.com
 Bangladesh
 12 Jun 16, 04:26 PM
 536           
 0
 12 Jun 16, 04:26 PM

দেশের অসহায় শিল্পীদের পাশে দাঁড়াবে জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের রেশ ফাউন্ডেশন......

দেশের অসহায় শিল্পীদের পাশে দাঁড়াবে জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের রেশ ফাউন্ডেশন......

নিউজ ডেস্ক: আমরা প্রায়ই শুনি, অমুক শিল্পী অর্থভাবে চিকিৎসাসেবা নিতে পারছেন না। শেষ বয়সে এসে অমুক শিল্পী অর্থাভাবে পরিবারের খরচ বহন করতে পারছেন না। এই শিল্পীদের পাশে দাঁড়ানোর জন্য প্রায়ই চ্যারিটি কনসার্ট আয়োজনের খবর শোনা যায়। দেশের দুস্থ ও অসুস্থ শিল্পীদের পাশে দাঁড়ানোর জন্য ফাউন্ডেশন গড়লেন বাংলা গানের কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। তাঁর নেতৃত্বে রেশ ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে। এই প্রতিষ্ঠানে তিনি সভাপতির দায়িত্বে থাকছেন।

জানা গেছে, গত ৪ জুন সরকারিভাবে এটি নিবন্ধিত হয়েছে। দেশীয় সংগীতের প্রচার ও প্রসার, বিশুদ্ধ সংগীত পরিচর্যা, সংগীতের সঙ্গে যুক্ত পেশাজীবী মানুষদের জীবনতথ্য, যোগাযোগ ও কীর্তির কথা, স্বীকৃতি ও স্বাতন্ত্র্যের কথা, আনন্দ-বেদনা, সুখে-দুঃখে তাদের পাশে থাকা, পাশে গিয়ে দাঁড়াতে ঐক্যবদ্ধ উদ্যোগ গ্রহণের মতো লক্ষ্য সামনে রেখে সংগীত পরিচালক ফরিদ আহমেদ গত বছরের ১৩ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রেশ নামে একটি গ্রুপ গড়ে তোলেন। এতে দেশের কণ্ঠশিল্পী, গীতিকবি, সুরকার-সংগীত পরিচালক ও যন্ত্রসংগীত শিল্পীদের ফটো আর্কাইভ করা হয়েছে। এতে রয়েছে তাদের ছবি ও সংক্ষিপ্ত পরিচিতি। ওই গ্রুপেরই প্রাতিষ্ঠানিক রূপ হলো রেশ ফাউন্ডেশন।

সাবিনা বললেন, ‘গানের পাশাপাশি সামাজিক কাজকর্ম করার ইচ্ছা বহুদিনের। আমার সব সময় চেষ্টা থাকে, দুস্থ ও অসুস্থ শিল্পীদের পাশে থাকার। রেশ ফাউন্ডেশন থেকে যখন আমাকে বলা হলো, কোনো কিছু চিন্তা না করে জানিয়ে দিলাম তাদের সঙ্গে আছি। এভাবে শুরু হলো। আমাদের মূল উদ্দেশ্য, অসুস্থ শিল্পীদের পাশে দাঁড়ানো। আমাকে এই ধরনের একটি উদ্যোগে যুক্ত থাকার আহ্বান জানানোয় খুব খুশি হয়েছি।’

গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকার ইস্কাটনের একটি রেস্তোরাঁয় রেশ ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদ সদস্যরা সাংবাদিকদের সামনে তাদের উদ্দেশ্য ও আদর্শের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হিসেবে আছেন সংগীত পরিচালক ফরিদ আহমেদ। তিনি বলেন, ‘আমরা কোনো কাজ করলে সেটার একটা রেশ থেকে যায়। সংগীতের সঙ্গে যুক্ত মানুষের গান আর সুরের রেশটা থেকে যায়। সেই চিন্তা থেকে এই ফাউন্ডেশনের নাম রেশ রাখা হয়েছে।

সংগীত শিল্পীসমাজই থাকবে এর ভাবনার কেন্দ্রে। সৃজনশীল কাজের মাধ্যমে শিল্পীদের চিকিৎসাকালীন সহায়তায় তহবিল গঠন করাই হবে মূল লক্ষ্য। আমরা দেশীয় সংগীতাঙ্গনের যেসব শিল্পী কাজ করছেন তাঁদের পূর্ণাঙ্গ ডেটাবেজ সংবলিত ইন্টারেকটিভ ওয়েব পোর্টাল তৈরির কাজও করছি।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন