
নিউজ ডেস্ক: বজ্রপাতে পাবনার ঈশ্বরদীতে বিদ্যুৎ উপকেন্দ্রের তিনটি যন্ত্রাংশ পুড়ে যাওয়ায় শহরের ৮০ ভাগ এলাকায় সাড়ে আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। গতকাল শনিবার গভীর রাতে এই বজ্রপাতের ঘটনা ঘটে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ায় আবাসিক এলাকা, দোকানপাট ও কলকারখানায় গ্রাহকেরা পড়েন দুর্ভোগে।
ঈশ্বরদী বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাত দেড়টার দিকে বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাতে শহরের পাতিলাখালী বিদ্যুৎ উপকেন্দ্রের নির্গমন (ইনকামিং) লাইনে ব্রেকারের সিটি ও পিটি নামে তিনটি যন্ত্রাংশ সম্পূর্ণরূপে পুড়ে যায়। এতে অন্যান্য যন্ত্রাংশ ও বিদ্যুৎ লাইন অকার্যকর হয়ে পড়ে।
ফলে গতকাল রাত দেড়টা থেকে ঈশ্বরদী উপজেলার পশ্চিম টেংরি বাবুপাড়া, দড়িনারিচা, ফতেমোহাম্মদপুর, বাজার, পিয়ারাখালী, সাঁড়া, রহিমপুর, গোকুলনগর, বিমানবন্দর সড়ক, উপজেলা সড়ক, আড়মবাড়িয়াসহ ৪০টি এলাকায় টানা সাড়ে আট ঘণ্টার বেশি সময় ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে।
নতুন তিনটি যন্ত্রাংশ প্রতিস্থাপন করার পর আজ রোববার সকাল সাড়ে ১০টা থেকে বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়।