
নিউজ ডেস্ক: মানিকগঞ্জ সদর উপজেলার দেড়গ্রাম বটতলা এলাকা থেকে ছিনতাই হওয়া একটি মোটরসাইকেলসহ ৪ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এসময় পুলিশের গুলিতে রুবেল নামে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছেন।
আজ রবিবার রাত ১০টার দিকে তাদের আটক করা হয়। অভিযানের সময় ছিনতাইচক্রের সদস্য রুবেল পুলিশের ওপর হামলা করার চেষ্টা করলে পুলিশের গুলিতে আহত হন তিনি। আহত রুবেলকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আটকরা হলেন- ঢাকা জেলার ধামরাই থানার গাঙ্গুটিয়া ইউনিয়নের হাতকোড়া গ্রামের নাজিমুদ্দিনের ছেলে রুবেল মিয়া ,মহর আলীর ছেলে হাসান মিয়া,তুলা মিয়ার ছেলে জলিল মিয়া এবং বারেক মিয়ার ছেলে তামিম মিয়া ।
মানিকগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামের নিজ বাড়িতে যাচ্ছিলেন হামিদুর রহমানের ছেলে জিয়াউর রহমান। এসময় একই ইউনিয়নের মকিমপুর মনপুরা ব্রিজে ছিনতাইকারীরা তাকে কুপিয়ে হিরো ফ্যাশন মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়। বিষয়টি মোবাইল ফোনে স্বজনদের জানালে দেড়গ্রাম থেকে মোটরসাইকেলসহ দুইজনকে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে অপর দুইজনকেও আটক করা হয়।