News71.com
 Bangladesh
 12 Jun 16, 05:05 PM
 510           
 0
 12 Jun 16, 05:05 PM

ভোলায় চাঁদাবাজির অভিযোগে ডিবির এক ওসিকে স্ট্যান্ড রিলিজ

ভোলায় চাঁদাবাজির অভিযোগে ডিবির এক ওসিকে স্ট্যান্ড রিলিজ

নিউজ ডেস্ক: চাঁদাবাজির অভিযোগে ভোলায় গোয়েন্দা সংস্থা ডিবির ওসি মোবাশ্বের আলীকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। ভোলা ডিবির ওসির দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাকে রবিবার পিরোজপুর জেলায় বদলী করা হয়েছে। পুলিশ ও বিভিন্ন সূত্র জানায়, শনিবার সকালে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার বিশেষ আইনশৃঙ্খলা সভায় ডিবির ওসি মোবাশ্বের আলীর বিরুদ্ধে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ উত্থাপিত হয়।

সভায় জানানো হয়, ডিবির ওসি মোবাশ্বের আলী মাদক বিক্রেতাদের কাছ থেকে প্রতিমাসে মাসোহারা হিসেবে চাঁদা আদায় করে থাকেন। তাই ভোলা জেলার সাত উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় প্রকাশ্যেই মাদক বেচা-কেনা হয়। আর সেই মাদক সেবনে জেলার যুবসমাজ ধ্বংস হচ্ছে। ডিবির ওসির ব্যাপক চাঁদাবাজির কারণে ভোলায় মাদক বিক্রেতারা আরো বেশি উৎসাহিত হচ্ছে।

এতে করে এ জেলায় মাদক ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। ভোলা এখন মাদকের শহরে পরিনত হয়েছে। এককথায় বলা যায়, মাদকে ভাসছে উপকূলীয় দ্বীপজেলা ভোলা। এ সময় সভার প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ক্ষুব্ধ হয়ে ভোলার ডিবির ওসি মোবাশ্বের আলীকে প্রত্যাহারের নির্দেশ দেন। জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ আইনশৃঙ্খলা সভায় পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন ও বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, মেয়রসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রীর ওই নির্দেশে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তা ভোলা ডিবির ওসি মোবাশ্বের আলীকে স্ট্যান্ড রিলিজ করে। খবরের সত্যতা স্বীকার করে ভোলার পুলিশ সুপার মো. মনিরুজ্জামান রবিবার দুপুরে , ভোলার ডিবির ওসি মোবাশ্বের আলীকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাকে পিরোজপুর জেলায় বদলী করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন