
নিউজ ডেস্ক :সিরাজগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে কড্ডা-ঝওয়াইল ওভার ব্রিজের মাঝামাঝি এলাকায় এবং একই মহাসড়কের বানিয়াগাতী এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে। নিহতরা হলেন কামারখন্দ উপজেলার চালা শাহবাজপুর গ্রামের বৎস্য হালদারের ছেলে পামোছা হালদার ও পিকআপ ভ্যানের হেলপার সোহাগ ।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার এএসআই রাজু আহম্মেদ জানান, সকালে কামারখন্দের বিভিন্ন এলাকার বেশ কিছু মাছ ব্যবসায়ী পিকআপ ভ্যানে চড়ে মহিষলুটি মাছের আড়তে যাবার পথে ভদ্রঘাট-বানিয়াগাতী এলাকার মাঝামাঝি স্থানে পৌঁছার পর অপর একটি যানবাহনকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডানদিকের গাছে গিয়ে ধাক্কা খায়। এ সময় ওই গাড়ির চালকসহ ৮ মাছ ব্যবসায়ী আহত হন। আহতদের উদ্ধারের পর সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পামোছা মাঝি মারা যান। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার এসআই মিজানুর রহমান জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি কাভার্ড ভ্যান একই দিক থেকে আসা সিমেন্টবোঝাই অপর একটি ট্রাককে ওভারটেক করতে গেলে দুটি যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়। এতে ট্রাকটি উল্টে খাদে পড়ে যায় এবং কাভার্ড ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়।
এ ঘটনায় অন্তত তিনজন আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধারের পর সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত কাভার্ড ভ্যানের হেলপার সোহাগ মারা যান।