
নিউজ ডেস্কঃ রাজধানীর গেণ্ডারিয়ায় পুলিশের সঙ্গে গোলাগুলির পর সাত ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় ওসিসসহ চারজন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার দিবাগত রাত পৌনে একটার দিকে এই ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলেন-মিলন ওরফে ভ্যান মিলন ওরফে সজীব (২৭), স্বপন (২৫), সজীব ওরফে রাজু ওরফে কাজল (২২) , মাসুদ ওরফে কালা মাসুদ (২২), মিন্টু (২১), রনি (২৩) ও সাগর (২১)।
ডিএমপির পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাতে গেণ্ডারিয়া থানাধীন নামাপাড়া রেল লাইন বস্তি সংলগ্ন বায়তুল হাসান জামে মসজিদের পশ্চিম দক্ষিণ কোণে ফাঁকা জায়গায় একদল ডাকাত ডাকাতি করার উদ্দেশ্যে সমবেত হওয়ার খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলিতে ওয়ারী থানার ওসিসহ ও অফিসার ইনচার্জ ও তার দলকে লক্ষ্য করে ডাকাত দল আক্রমন করলে ওসি (ওয়ারী) গুলিবিদ্ধ হন এবং ডাকাতদের মধ্যে মিলন, স্বপন ও সজীব পায়ে গুলিবিদ্ধ হয়।
গোলাগুলির একপর্যায়ে কয়েকজন ডাকাত পালিয়ে গেলেও সাতজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট থেকে ১টি একটি বিদেশি পিস্তল, রাউন্ড গুলিসহ একটি ম্যাগজিন, একটি রামদা, তিনটি বড় ছোরা, একটি বড় চাপাতি, একটি গ্রিল কাটার মেশিন ও পাঁচটি মুখোশ উদ্ধার করা হয়।
গেণ্ডারিয়া থানার ওসি এসআই মনির হোসেন জানিয়েছেন, পায়ে গুলিবিদ্ধ তিন ডাকাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।