News71.com
 Bangladesh
 12 Jun 16, 08:24 PM
 524           
 0
 12 Jun 16, 08:24 PM

ঝালকাঠিতে ঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন, বসতবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

ঝালকাঠিতে ঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন, বসতবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

নিউজ ডেস্ক: ঝড়ে ১৫ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে ঝালকাঠি। গতকাল শনিবার রাতের এই ঝড়ে জেলায় ব্যাপক ক্ষতি হয়েছে। প্রায় এক ঘণ্টার এই ঝড়ে জেলার চার উপজেলার শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। পাঁচ শতাধিক ফলদ ও বনজ গাছ উপড়ে পড়েছে। বিদ্যুতের খুঁটি ও তারের ওপর গাছ উপড়ে পড়ে দিবাগত রাত ২টা থেকে ১৫ ঘণ্টা ধরে পুরো জেলা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

এদিকে একদিনে দুই দফায় ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে কাঁঠালিয়া উপজেলা। গতকাল সকালে ঘূর্ণিঝড়ে ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই রাতে আবার শুরু হয় ঝড়। এতে গাছপালা উপড়ে পড়ে ব্যাপক ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছে। অপরদিকে গত দুই দিনের ভারি বৃষ্টিপাত ও নিম্নচাপের প্রভাবে সুগন্ধা ও বিষখালি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ঝালকাঠির নিম্নাঞ্চলের ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব এলাকার ধান ও সবজিক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। এ ছাড়া আউশের ক্ষেত ও ধানের বীজতলা প্লাবিত হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভারি বৃষ্টিপাতের কারণে স্বাভাবিকের চেয়ে দুই ফুট পানি বৃদ্ধি পেয়েছে। ওই সব এলাকায় বন্যার আশঙ্কা না থাকলেও পানি নামতে আরো কয়েকদিন সময় লাগবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন