News71.com
 Bangladesh
 12 Jun 16, 09:37 PM
 573           
 0
 12 Jun 16, 09:37 PM

নরসিংদীতে মোবাইলফোন চুরিকে কেন্দ্র করে এক স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যা

নরসিংদীতে মোবাইলফোন চুরিকে কেন্দ্র করে এক স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক: নরসিংদীতে রড দিয়ে পিটিয়ে মঈন উদ্দিন (১৪) নামের এক স্কুলছাত্রকে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ রোববার বিকেল ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।আজ সকাল ১০টার দিকে নরসিংদী শহরের কাউরিয়াপাড়া নতুন লঞ্চঘাট এলাকায় প্রতিপক্ষের আঘাতে মঈন উদ্দিন গুরুতর আহত হয়। নিহত মঈন উদ্দিন শহরের আলীজান জে এম একাডেমিতে নবম শ্রেণিতে পড়ত। সে একই এলাকার বিল্লাল ঘটকের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবারের লোকজন জানায়, আজ সকাল ৭টার দিকে নতুন লঞ্চঘাটের পাশের বাসিন্দা আবদুল করিমের ছেলে শাহিন মিয়ার একটি স্যামসাং গ্যালাক্সি মোবাইল ফোনসেট চুরি হয়। শাহিনের পরিবার একই এলাকার রক্সি নামের এক কিশোরকে সন্দেহ করে। কিন্তু রক্সি অভিযোগ অস্বীকার করে।

এই নিয়ে দুই পরিবারের লোকজন প্রথমে হাতাহাতি ও পরে মারামারিতে জড়িয়ে পড়ে। ওই সময় রক্সির নেতৃত্বে ১০ থেকে ১২ জন নারী-পুরুষ রড ও লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে রডের আঘাতে শাহিনের মামাতো ভাই মঈন উদ্দিন মাথায় গুরুতর জখম হয়। তাকে আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, মোবাইল ফোনসেট চুরিকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সন্দেহভাজন এক নারীকে আটক করেছে। এই ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন