
নিউজ ডেস্কঃ দেশের গণমাধ্যম ও মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সমালোচনা করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক। আজ চট্টগ্রাম দামপাড়া পুলিশ লাইনে আয়োজিত এক সুধী সমাবেশে এ সমালোচনা করেন আইজিপি ।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমানের সমালোচনা করে তিনি জানান, মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে জিজ্ঞেস করলেই হুট করে কথা বলে ফেলেন। তথ্য না নিয়ে, না বুঝে, না শুনে বেফাঁস একটা মন্তব্য করেন। পত্রিকায় তিনি কমেন্ট করেছেন পুলিশ গ্রেফতার বাণিজ্য করছে। কিন্তু এদের মধ্যে কতজন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, কতজন জঙ্গি, কতজন মাদক ব্যবসায়ী এ তথ্য উনি নেননি। তিনি তথ্য ছাড়াই মন্তব্য করেছেন ।
গণমাধ্যমের সমালোচনা করে আইজিপি জানান, ১০ই জুন থেকে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। ভাল কাজ হচ্ছে। কিছু কিছু পত্রপত্রিকা এটাকে নেতিবাচকভাবে দেখছে। নীরবে কাজ করলে বলে পুলিশ কোন কাজই করে না। পুলিশ ব্যর্থ। যখন সরবে কাজ করে তখন বলে ঢাকঢোল পিটিয়ে কাজ করছে। এগুলো আসল কাজ করার জন্য করছে না। তাহলে আমরা যাব কোথায় ? সিএমপি কমিশনার মো.ইকবাল বাহার সভাপতিত্বে সুধী সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন, নগর আওয়ামিলীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, উত্তর জেলা আওয়ামিলীগের সভাপতি নূরুল আলম চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার রহুল আমিন, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো.শফিকুল ইসলাম, সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম প্রমুখ ।