
নিউজ ডেস্কঃ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কর্তৃত্ব নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর দায়ের হওয়া রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ হাইকোর্টের বিচারপতি আশরাফুল ইসলাম ও বিচারপতি জাফর আহমেদের একটি বেঞ্চ এ আদেশ দেন। তার আগে গত বছরের ১০ই ডিসেম্বর মহিউদ্দিন চৌধুরী প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে সিটি কর্পোরেশনের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে একটি রিট আবেদন করেছিলেন ।
আইনজীবী অ্যাডভোকেট এম এ হান্নান জানান, আদালত মহিউদ্দিন চৌধুরীর আবেদন খারিজ করে দিয়েছেন। এর মাধ্যমে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় পরিচায়নায় সিটি কর্পোরেশনের আর কোনো বাধা থাকল না। জানা যায়, গত ১৪ই জুলাই ইউজিসির পক্ষ থেকে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড বিষয়ে চসিকের মেয়র আ জ ম নাছির উদ্দিনের কাছে চিঠি দেওয়া হয়। চিঠিতে ‘প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ ট্রাস্টি বোর্ড নিবন্ধন করা হয়নি’ জানিয়ে দ্রুত সময়ের মধ্যে আইন অনুযায়ী ট্রাস্টি বোর্ড গঠন করতে বলা হয়। তাছাড়া চিঠিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষ প্যানেল প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর পাশাপাশি ২০১১-১৪ সালের নিরীক্ষা সিএ প্রতিষ্ঠান দিয়ে করতে বলে ইউজিসি। ওই চিঠি নিয়ে মেয়র গত বছরের ২৮ই জুলাই প্রিমিয়ারের উপাচার্য ড. অনুপম সেন ও ঊর্ধ্বতন ২ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন ।
মহিউদ্দিন চৌধুরীর আবেদনের প্রেক্ষিতে আদালত প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয় পরিচালনায় কর্পোরেশনের হস্তক্ষেপ চেয়ে ইউজিসির দেওয়া চিঠির কার্যক্রম স্থগিত ও প্রিমিয়ারের কার্যক্রমে উদ্যোক্তা মহিউদ্দিন চৌধুরীর অংশগ্রহণ নিশ্চিত এবং এ বিষয়ে কোনো বাধাদানের ব্যাপারে কর্পোরেশনের ওপর অন্তর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেছিলেন। গতকাল এ আদেশের অন্তর্বর্তীকালীন সময় শেষ হলে আদালত এ নির্দেশনা দেন। প্রসঙ্গত, নগরীর প্রবর্তক মোড়ে নালার ওপর ২০০২ সালে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন তৎকালীন মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। নালার ওপর এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করায় মেয়র থাকাকালে ব্যাপক সমালোচনার মুখে পড়েন মহিউদ্দিন ।