News71.com
 Bangladesh
 12 Jun 16, 10:49 PM
 548           
 0
 12 Jun 16, 10:49 PM

জামায়াত নিষিদ্ধে টালবাহানা চলবে না'

জামায়াত নিষিদ্ধে টালবাহানা চলবে না'

নিউজ ডেস্কঃ ৭১'র ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, 'জামায়াত নিষিদ্ধে কোনো রকম টালবাহানা চলবে না।' রোববার বিকালে যশোর সার্কিট হাউসে ঘাতক দালাল নির্মূল কমিটি জেলা শাখা আয়োজিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন। সাম্প্রদায়িক নিপীড়ন ও গুপ্তহত্যা প্রতিরোধে নাগরিক সমাজের ভূমিকা বিষয়ে আয়োজিত এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় শাহরিয়ার কবির বলেন, আপনারা বলছেন জামায়াত নিষিদ্ধ করা যাবে না। আপনারা আপনাদের বাবাদের অস্বীকার করছেন। আপনাদের বাবারা যে সংবিধান প্রণয়ন করেছেন সেই সংবিধান অস্বীকার করছেন।

তিনি বলেন, ৭২ সংবিধানে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের স্বীকৃতি দেয়া হয়েছে। ৭২ সংবিধানে বঙ্গবন্ধু জামায়াতকে নিষিদ্ধ করেছেন। তবে কি তিনি ভুল করেছিলেন?। পরিস্কার করে এ বিষয়ে বলতে হবে। ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বলেন, জামায়ত নিষিদ্ধ করা যাবে না, জনগণ এই টালবাহানা শুনতে চায় না। আমেরিকা, সৌদি আরবসহ ইসলামী উম্মা জামায়াত নিষিদ্ধ চায় না।

তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারও তো অনেকে চায় না। অনেক চাপ উপেক্ষা করে বিচার চলছে। জামায়াত সন্ত্রাসী দল। জামায়াত নিষিদ্ধ করতে আদালতে যাওয়া লাগে না। জেএমবি, আনসারুল্লা বাংলা টিমের মত সন্ত্রাসী দলগুলোকে যেভাবে বন্ধ করা হয়েছে সেই ভাবেই জামায়ত নিষিদ্ধ করা যাবে উল্লেখ করে তিনি বলেন, পাকিস্তানের মত বাংলাদেশ হয়ে যাবে, তেমনটি আমরা চাই না। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জঙ্গী দমনে জিরো টলারেন্স। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার অভাব নেই। কিন্তু তার চারপাশে যারা আছেন, আইনশৃংখলা বাহিনীর সদস্যরা জিরো টলারেন্স মানছে না।

যশোর জেলা গণজাগরণ মঞ্চের আহবায়ক কাজী আবদুস শহীদ লালের সভাপতিত্বে মতবিনিময় সভায় সাবেক বিচারপতি শামসুদ্দিন আহমেদ চৌধুরী মানিক, জাসদের জেলা শাখার সাধারণ সম্পাদক অশোক কুমার রায়, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য ইকবাল কবির জাহিদ, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপংকর দাস রতন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক সন্তোষ দত্ত, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য, সহকারী অধ্যাপক গোপী কান্ত সরকার, জেলা জাতীয় যুব জোটের সভাপতি স্বপন ভদ্র প্রমুখ বক্তব্য রাখেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন